ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য দাওয়াত দিয়ে এনে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা পেশায় ‘ড্যান্সার’। বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগীরা সরাইলে আসেন। এ সময় রাকিব নামের এক ব্যক্তি তাঁদের রিসিভ করে সরাইলের শাহবাজপুর এলাকায় নিয়ে আসেন।
সেখান থেকে রাকিবসহ আরও পাঁচজন তাঁদের একটি নৌকায় করে নিয়ে যেতে থাকেন। কিছু সময় চলার পর দুজনকে ধর্ষণ করা হয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাঁদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্যকে হত্যার ভয় দেখানো হয়। রাতে তাঁদের নাসিরনগর এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লার চান্দিনা এলাকার এক নারী গতকাল শুক্রবার দুপুরে সরাইল থানায় এ বিষয়ে মামলা করেন। রাতে সরাইলের বোড্ডা এলাকা থেকে শান্ত নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, ভুক্তভোগী নারীর মামলার পর রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।