ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও রিলসে মন্তব্য করাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও রিলসে মন্তব্য করা নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়।
শুক্রবার থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার বিষয়টি মীমাংসার জন্য আশুগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে সালিসের আয়োজন করা হয়।
সালিসে বিষয়টির মীমাংসা হলেও পরে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘টিকটক ভিডিও রিলসে মন্তব্য করাকে নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ দ্রুত সময়ের মধ্যে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’