হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, মসজিদে ভাঙচুর-লুটপাট

ধুনট (বগুড়া) প্রতিনিধি

সংঘর্ষে ভাঙচুর করা মসজিদ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মসজিদে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামে একটি মসজিদ নির্মাণের জায়গা নিয়ে আবুল কালাম ও ডাবলু কারিগরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার ডাবলু কারিগরের পক্ষের লোকজন মসজিদে জুমার নামাজ পড়তে যান। এ সময় আবুল কালামের পক্ষের লোকজন সেখানে গিয়ে জায়গা খালি করে দেওয়ার কথা বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন করে ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় মসজিদের টিনের বেড়া, মাইক, ফ্যান ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। কিছু মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।