বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব করা হয়েছে জাতীয় পার্টির সাবেক নেতা মো. মোতালেব মোল্লাকে। ১৬ সেপ্টেম্বর মোকামতলা উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. মোতালেব মোল্লাকে।
মোতালেব মোল্লা একসময় শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়ার পর এবার ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।
মোতালেব মোল্লা বর্তমানে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক নেতা মামলা-মোকদ্দমার কারণে পলাতক ছিলেন বা কারাগারে ছিলেন। তাঁদের অনেকে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ পাননি। অথচ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা একজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় তাঁরা হতাশ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় পার্টির স্থানীয় নেতাদের সঙ্গে থেকে মোতালেব মোল্লা বিএনপির নেতা-কর্মীদের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন করেছেন। এখন তিনি বিএনপির নেতা হওয়ায় তৃণমূলের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
তাঁরা বলেন, ‘যাঁরা আন্দোলন করতে গিয়ে মামলা খেয়েছেন, জেল খেটেছেন, তাঁদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক।’
তবে এ সব অভিযোগ অস্বীকার করে মোতালেব মোল্লা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর জাতীয় পার্টির কার্যক্রম না চালানোর কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে আমি বিএনপিতে যোগ দিয়েছি।’
মোতালেব মোল্লা তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি স্বীকার করেছেন।
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, ‘মোতালেব মোল্লা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তবে তাঁকে নিয়ে তৃণমূল বিএনপিতে সমালোচনা রয়েছে।’
এদিকে মোকামতলা উপজেলা বিএনপির নতুন কমিটি নিয়েও স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের বাদ দিয়ে অন্য দল থেকে আসা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এ বিষয়ে বক্তব্য জানতে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মন্তব্য পাওয়া যায়নি।