হোম > সারা দেশ > বগুড়া

সওজের জায়গা দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণের কাজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সওজের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছেন হারুনুর রশিদ ভোলা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রিজসংলগ্ন এলাকায় আঞ্চলিক মহাসড়কের সড়ক ও জনপথ (সওজ) এবং খালের জায়গা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে হারুনুর রশিদ ভোলা নামের প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। নির্মাণকাজের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অদ্যাবধি প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা নেই।

গতকাল রোববার সরেজমিন দেখা যায়, উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রিজসংলগ্ন এলাকায় নওগাঁ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ধারে খাল ও সওজের সরকারি জায়গায় প্রকাশ্য দিবালোকে পাকা স্থাপনা নির্মাণ করছেন হারুনুর রশিদ ভোলা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিগত সরকারের আমলে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ওরফে রাজু খানের ঘনিষ্ঠজন হিসেবে দাপটের সঙ্গে বিচরণ করতেন। সেই সুবাদে তিনি সরকারি ওই জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণকাজ শুরু করেন। আওয়ামী লীগের পতনের পর কাজটি বন্ধ রাখেন।

এখন তিনি ভোল পাল্টে নিজেকে বর্তমানে ক্ষমতাসীন দলের লোক বলে দাবি করছেন। এই প্রভাবকে কাজে লাগিয়ে অবাধে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী অবিলম্বে সরকারি জায়গায় চলা এই নির্মাণকাজ বন্ধ করাসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদ ভোলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই স্থাপনা নির্মাণকাজের সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু বলেন, ‘কারও অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডের দায়ভার দলীয়ভাবে নেওয়া হবে না। আপনারা বিষয়টি সংবাদপত্রে তুলে ধরতে পারেন।’

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সরেজমিন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদের সঙ্গে যোগাযোগ কথা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শাজাহানপুরে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৬

কর্মচারীদের জিম্মি করে পাম্প থেকে তেল লুট

তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শীত শেষ হলেও দুস্থদের কম্বল বিতরণ হয়নি, পড়ে আছে গুদামে

বগুড়ায় চলন্ত বাসে আগুন, প্রাণে বেঁচে গেলেন যাত্রীরা

চাকু হামলা বেড়েছে, ৪০ দিনে নিহত ৮

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত