হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে গৃহবধূর মরদেহের পাশে কাঁদছিল ৩ মাসের শিশু, স্বামী-স্বজন পলাতক

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর বাড়ির বারান্দা থেকে নাম্মি আক্তার নিপা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশেই কান্নারত অবস্থায় পড়ে ছিল তাঁর তিন মাস বয়সী ছেলে নাহিদ। ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেশীরা শিশুটির কান্নার শব্দ শুনে নিপার বাবা-মাকে খবর দেন। তাঁরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিপার মা জোলেখা বেগম বাদী হয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড়ইটালী গ্রামের লাল মিয়া প্রামাণিকের মেয়ে নাম্মি আক্তার নিপাকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের ফরহাদ মোল্লার ছেলে বাহাদুর মোল্লা বিয়ে করেন। অভাব-অনটনের কারণে বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ লেগে থাকত। এরই মধ্যে তাঁদের সংসারে জন্ম নেয় ছেলে নাহিদ।

১৫ জুলাই সকালে বাহাদুর মোল্লা স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে তাঁদের রেখে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। পরদিন ১৬ জুলাই দুপুরে আবার শ্বশুরবাড়িতে গিয়ে বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। ওই দিন সন্ধ্যায় প্রতিবেশীরা নিপার পরিবারের সদস্যদের ফোন করে জানান, নিপা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। একই সঙ্গে তাঁরা জানান, বাহাদুর মোল্লাসহ পরিবারের সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি ছেড়ে চলে গেছেন।

খবর পেয়ে রাতেই নিপার স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের স্বামী দিনমজুর। পারিবারিক অশান্তির বিষয়টি জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘অভাব-অনটনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমি দখলচেষ্টার অভিযোগ

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল ৪২ শিক্ষার্থী

শিক্ষার্থী আন্দোলনে ছেলের অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি: কারখানামালিকের এক বছরের কারাদণ্ড

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান

ধুনটে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাত-হামলা-ভাঙচুর

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার