বগুড়ার ধুনটে আরসিসি ঢালাই করা একটি গ্রামীণ সড়কের দুটি অংশ ভেঙে কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানিতে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত ও সুড়ঙ্গ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২০ সালে পৌরসভার চান্দার পাড়া হতে দাসপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই করে একটি গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়। এতে নির্মাণ ব্যয় হয় ১ কোটি ২০ লাখ টাকা। ওই সড়ক দিয়ে ভ্যান ও রিকশায় করে এলাকার শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ প্রতিদিন যাতায়াত করেন।
সরেজমিনে দেখা যায়, চান্দারপাড়া গ্রামের আব্দুল মোমিনের বাড়ি থেকে চান মিয়া সরকারের বাড়ি পর্যন্ত মাঝামাঝি অংশে সড়কের নিচ থেকে মাটি সরে বড় সুড়ঙ্গ হয়েছে। তার ওপর দিয়ে যানবাহন চলাচল করায় সড়কের দুই দিকে ভেঙে গেছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প কোনো সড়ক না থাকায় এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের ভোগান্তি বেড়ে গেছে।
চান্দারপাড়া গ্রামের বাসিন্দা সুরুজ সরকার ও রোজিনা খাতুন জানান, প্রায় এক মাস আগে পৌরসভার কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করেছেন। কিন্তু সড়কটি সংস্কার করেননি।
ধুনট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন জানান, সড়কটির বিষয়ে আগেই পৌর কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কটি ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ধুনট পৌরসভার প্রকৌশলী সাজেদী হক জানান, প্রায় এক মাস আগেই সড়কটির ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পেরে পরিদর্শন করা হয়েছে। অর্থ বরাদ্দ না থাকায় মেরামত করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত অংশে টেকসই সংস্কারের জন্য দ্রুতই টেন্ডার আহ্বান করা হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘খবর পেয়ে পরিদর্শন করা হয়েছে। ভেঙে পড়া সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’