হোম > সারা দেশ > বরিশাল

শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে বরিশালে ব্যাটারিচালিত যানশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ব্যাটারিচালিত পরিবহনশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সংগঠক দুলাল মল্লিক।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে সংগ্রাম পরিষদ দীর্ঘ ১৩ বছর ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছে। সরকারের পক্ষ থেকে এসব যানবাহনের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার ঘোষণা এসেছে বলেও উল্লেখ করেন তাঁরা।

বক্তাদের দাবি, প্রস্তাবিত নীতিমালা প্রণয়ন হলে বিদ্যমান ৬০ লাখ গাড়ি উচ্ছেদ হবে এবং কিছু সুনির্দিষ্ট কোম্পানির কাছ থেকে উচ্চমূল্যে গাড়ি কেনার বিধান থাকবে। বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কেন্দ্রীয় নীতিমালা প্রণয়নের দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, নীতিমালায় ব্যয়বহুল সৌরবিদ্যুতের মাধ্যমে যানবাহন চার্জ দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে বলে তাঁরা শুনেছেন। তাঁদের ভাষ্য, এটি গরিব মানুষের ওপর অত্যাচার ছাড়া কিছু নয়।

রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে বক্তব্য দেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শহিদুল ইসলাম, রিকশার সভাপতি মনির হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক শহিদুল হাওলাদার এবং ইজিবাইক সংগ্রাম পরিষদ জেলা শাখার সংগঠক রমজান আঁকনসহ অন্যরা।

সমাবেশ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় সরকার ও বিআরটিএ এর সমন্বয়ে কেন্দ্রীয় নীতিমালার অধীনে বিধিমালা প্রণয়ন, নীতিমালার নামে ব্যাটারিচালিত যানবাহন প্রস্তুতকারক কোনো সিন্ডিকেটকে প্রাধান্য না দেওয়া এবং স্থানীয় অটোমোবাইল শিল্প রক্ষা ও বিকশিত করা।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পার্কিং স্থাপন, পরিবেশবান্ধব ব্যাটারি প্রতিস্থাপনে সরকারি ভর্তুকি এবং লাইসেন্স, নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার শর্ত প্রত্যাহার। ব্যাটারিচালিত যানবাহন থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিও জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিনিধিদল বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয়।

সমাবেশের কারণে সদর রোডসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তি সৃষ্টি হয়।