হোম > সারা দেশ > বরিশাল

বিএনপিও সংবিধান সংস্কারের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে নাগরিক সমাবেশে মামুনুল হক। ছবি: আজকের পত্রিকা

বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খান।

মামুনুল হক বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা-কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা পরিচালনা করতে পারবে।’

খেলাফত মজলিসের এই আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ৩০ হাজার মানুষ যেখানে পঙ্গুত্ববরণ করেছেন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছেন, সেই দাবি বাস্তবায়ন না করলে সরকারের বিরুদ্ধেও মানুষ প্রতিবাদ করবে।

সমাবেশে নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা অংশ নেন।