বরিশালের হিজলা উপজেলায় দ্রুতগতির অটোরিকশার চাপায় ইয়াসিন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে হিজলা গৌরব্দী ইউনিয়নের একতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উপজেলার গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামের মাইদুল রাড়ীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজারসংলগ্ন এলাকার চরকুশুরিয়া গ্রামের নিজ বাড়ির সামনে খেলছিল শিশু ইয়াসিন। খেলাধুলার একপর্যায়ে সে রাস্তার একপাশ থেকে দৌড় দিয়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।