নারী ও কিশোরীদের কর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবান শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এই চাকরি মেলায় পর্যটন, ব্যাংকিং, আইসিটি, রিটেইল ও আতিথেয়তা খাতের ২০টির বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। বিডি জবস, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সম্ভব জবস এবং সাইরু হিল রিসোর্টের মতো প্রতিষ্ঠানের স্টলে ছিল সরাসরি সাক্ষাৎকার, সিভি যাচাই এবং ক্যারিয়ার পরামর্শের সুযোগ।
‘স্বপ্নের সারথি-গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ বাংলাদেশ। কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে দারিদ্র্য, বাল্যবিবাহ, চলাফেরার সীমাবদ্ধতা এবং কাজের সুযোগের অভাব মেয়েদের শ্রমবাজারে প্রবেশের পথে এখনো বড় বাধা। এই বাস্তবতা সামনে রেখে তৈরি হয়েছে স্বপ্নের সারথি প্রকল্প।
অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, ‘বান্দরবান জেলায় পর্যটন ও সেবা খাত দ্রুত বাড়ছে। দক্ষ জনবলের চাহিদা আছে, কিন্তু স্থানীয়ভাবে সেই জোগান এখনো কম। এই মেলা সেই ঘাটতি পূরণের একটি বাস্তব পদক্ষেপ।’
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা শবনাম বলেন, ‘প্রশিক্ষণ পাওয়া মেয়েরা কাজের সুযোগ পেলে দ্রুত নিজেদের প্রমাণ করতে পারে। এই মেলা সেই সুযোগ তৈরি করছে।’
প্রকল্প সমন্বয়কারী জাহিদ হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষিত মেয়েদের জন্য বাস্তব কর্মসংস্থানের পথ তৈরি করা। এই জব ফেয়ার দক্ষ তরুণীদের সঙ্গে স্থানীয় নিয়োগদাতাদের সরাসরি যুক্ত করছে। আমরা চাই প্রত্যেক মেয়ে যেন প্রশিক্ষণ শেষে সত্যিকারের একটা গন্তব্য খুঁজে পায়, সেটা হোক চাকরি বা নিজের কোনো উদ্যোগ। এই মেলা সেই সেতুটাই তৈরি করছে।’
প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪ হাজার ১০০ জন নারী ও কিশোরীকে খাবার পরিবেশন, রিটেইল, হাউসকিপিং ও কম্পিউটার দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোবাইল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার ১ হাজার ৩২০ জনের কাছে পৌঁছানো গেছে। পাশাপাশি ‘পাসপোর্ট টু আর্নিং’ প্ল্যাটফর্মে ডিজিটাল দক্ষতা ও নেতৃত্বের প্রশিক্ষণ নিচ্ছেন ৫ হাজার ৪০০ শিক্ষার্থী। একই উদ্যোগে ১৮ জুন কক্সবাজারের হোটেল সি প্যালেসে আরও একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সেখানেও স্থানীয় ও জাতীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।