বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে (৬১) অপহরণের অভিযোগ উঠেছে অস্ত্রধারীদের বিরুদ্ধে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, অস্ত্রধারীরা প্রথমে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে খোঁজেন। তাঁকে সেখানে না পেয়ে পাশের চায়ের দোকানে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করেন। এরপর অস্ত্রের মুখে তাঁকে নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় তাঁর (উ নু থোয়াই) কাছ থেকে একটি মুঠোফোনও নিয়ে যান।
কী কারণে প্রধান শিক্ষককে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা।
অপহৃত শিক্ষকের পরিবার জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর তিনি তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন।
ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।