হোম > সারা দেশ > বান্দরবান

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবান প্রতিনিধি

প্রচণ্ড গরম আর বৃষ্টির কারণে বান্দরবান জেলায় ঈদের ছুটিতে এবার পর্যটকদের আগমন বেশ কম ছিল। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন ছুটিতে বান্দরবানের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপস্থিতি এবার কম। ঈদকে কেন্দ্র করে প্রতিবছর সবুজ পাহাড় আর বর্ষার অপরূপ সৌন্দর্য দেখতে প্রকৃতিপ্রেমীদের ঢল নামে। কিন্তু এবার একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বৃষ্টির কারণে ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনা তেমন ছিল না।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুকসহ সরকারী পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ছাড় দেওয়া হয়। তবু পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আগমন কম ছিল।

প্রতিবছর জেলা শহরের পর্যটনকেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতা খুমসহ অন্য ছয়টি উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে ঈদকে কেন্দ্র করে পর্যটকদের কোলাহলে মুখর থাকে। কিন্তু ঈদের টানা ছুটিতে এসব পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপস্থিতি কম। ফলে শহরের হোটেল-মোটেলগুলোতে অনেক সিট খালি ছিল বলে জানান জেলা শহরের হোটেল অর্কিডের মালিক রাজীব বড়ুয়া।

একই কারণে পর্যটকবাহী গাড়িগুলোকে শহরের বাসস্টেশনগুলোতে পার্কিং করে রাখতে দেখা গেছে। থানচির সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পর্যটকবাহী নৌকায়ও যাত্রী বেশ কম।

পর্যটকবাহী গাড়ির চালক সুমন বলেন, ঈদকে কেন্দ্র করে কিছু গাড়ি পর্যটক নিয়ে বিভিন্ন স্পটে গেছে। তবে অনেক গাড়ি যাত্রী না পেয়ে অলস বসে আছে।

বান্দরবানে পর্যটকেরা সহজে নীলাচল, মেঘলা, গোল্ডেন টেম্পল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড়, নীলগিরি, দেবতাখুম, বগা লেক, কেওক্রাডং পাহাড়, তমাতুঙ্গী, রাজা পাথর, রেমাক্রি ফলস, মিরিঞ্জা ভ্যালি, আলী সুড়ঙ্গসহ প্রকৃতির বিভিন্ন অপরূপ সৌন্দর্য উপভোগ করে থাকেন। বান্দরবানের যেখানে যাওয়া হোক না কেন, যে কারও বিষাদ মনও আনন্দে ভরে ওঠে মহূর্তেই। ষড়ঋতুর বাংলাদেশে এখানে বিভিন্ন ঋতুর বৈচিত্র্যে বান্দরবানে বর্ষাকালে এক রূপ, গ্রীষ্মকালে এক রূপ আর শীতকালে আরেক রূপ ধারণ করে। আর প্রতি ঋতুতেই বান্দরবান ভ্রমণ পর্যটকদের জন্য আনন্দময় ও রোমাঞ্চকর।

এদিকে পর্যটন ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা জানান, বান্দরবান সম্প্রীতির জেলা, আর এই জেলায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন, ‘জেলার অন্য উপজেলাগুলোতে অসংখ্য পর্যটনকেন্দ্র রয়েছে। সেখানে ভ্রমণ করতে আমরা পর্যটকদের উৎসাহিত করেছি।’

দেশের অন্যান্য জেলার চেয়ে এই জেলার নিরাপত্তাব্যবস্থা ভালো। আর যেকোনো সরকারি ছুটি উপলক্ষে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় বাড়তি সর্তকতা। তাই বছরজুড়ে পর্যটক সমাগমে মুখর থাকে বান্দরবান।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, পর্যটকদের সুবিধার্থে ও আগমনকে কেন্দ্র করে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ছাড় দেওয়া হয়েছিল।

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও

বান্দরবানের থানচি: হামের পর ডায়রিয়ার প্রকোপ দুর্গম পাহাড়ে

দুর্গম পাহাড়ে এবার ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী থেকে ১ লাখ ইয়াবা জব্দ

দুর্গম পাহাড়ে ছড়িয়েছে হাম-রুবেলা, আক্রান্ত ৮৪ শিশু

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫০ দোকান ও বসতঘর

নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা বন্য হাতির মৃত্যু, শাবকের কান্নায় ভারী গ্রাম

বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ তরুণের লাশ