হোম > সারা দেশ > ঢাকা

হুমকির মুখে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি নবীন হাশেমি‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিদেশে পাড়ি দেওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি। ছবি : সংগৃহীত

‎কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি হুমকি ও নিরাপত্তার শঙ্কার মধ্যে দেশ ছেড়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বিদেশে পাড়ি জমান। বিষয়টি নবীন হাশেমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।

এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। ‎

‎ফেসবুকে একটি ছবি পোস্ট করে নবীন হাশেমি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব ইনশা আল্লাহ।’

‎গতকাল বিকেলে মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নবীন হাশেমি অভিযোগ করেন, ঈদ সামনে রেখে কম দামে পাঞ্জাবি বিক্রি করায় তাঁদের দোকানে মব সৃষ্টি করা হয় এবং পুলিশ দিয়ে জোর করে দোকান বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানান তিনি। হুমকিদাতারা তাঁকে ব্যবসাসংক্রান্ত ভিডিও মুছে ফেলতে বলেন; অন্যথায় তাঁর অন্যান্য ব্যবসাও বন্ধের হুমকি দেওয়া হয়।

‎নবীন হাশেমি বলেন, প্রবাসজীবন শেষে করোনাকালে দেশে ফিরে তিনি এই উদ্যোগ শুরু করেন। তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কম দামে মানসম্মত পোশাক সরবরাহ করা এবং এর আয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা। প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন বলেও তিনি উল্লেখ করেন। ‎

‎তিনি দাবি করেন, সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য পাওয়ায় তাঁরা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি-পায়জামা বিক্রি করতে সক্ষম হন। এতে ক্ষুব্ধ হয়ে আশপাশের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট—যার মধ্যে ‘প্রিন্স’ নামের একটি দোকানের মালিক মাইকেলও রয়েছেন—পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। বিষয়টি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে সমঝোতায় যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি। ‎

‎সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, নানা বাধা ও চাপের মধ্যে তাঁরা ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ‎

‎অভিযোগ অনুযায়ী, ওই মার্কেটে পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পায়জামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি না করার অলিখিত চাপ ছিল। ‎

‎এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুর্তজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে এবং খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‎

শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সৎ থাকতে হবে: নবনিযুক্ত সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন

স্বাধীনতা দিবস উপলক্ষে কাল ঢাকায় যেসব সড়ক বন্ধ থাকবে

দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক

ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে বাস: অধিকাংশ যাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিলের ওসিকে শোকজ, খুলে দেওয়ার নির্দেশ

গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে মালিকানার সাইনবোর্ড

পাবনায় নিষিদ্ধ চরমপন্থীদের পোস্টার অপসারণ করেছে পুলিশ

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

রাজধানীর কদমতলীতে বিএনপি নেতার বাসা থেকে মরদেহ উদ্ধার