হোম > নারী

অন্ধকার জীবন থেকে মানবাধিকারের লড়াইয়ে ফরিদা পারভীন

শফিকুল ইসলাম

ফরিদা পারভীন

১২-১৩ বছর বয়সে একটি কিশোরী মেয়ের বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, স্বপ্ন দেখার কথা এক সুন্দর ভবিষ্যতের। কিন্তু ঠিক সেই বয়সেই পাচারকারীদের খপ্পরে পড়ে জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল ফরিদা পারভীনকে। আশ্রয় নিতে হয়েছিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির নিদারুণ অন্ধকারে। শৈশব হারিয়ে যাওয়ার সেই দুঃসহ বেদনা এবং চারপাশের প্রতিকূলতা তাঁর জীবনে গভীর ক্ষত তৈরি করেছিল। কিন্তু ভাগ্যকে মেনে নিয়ে সেখানে হার মানেননি ফরিদা। নিজের জীবনের ওই মর্মান্তিক অভিজ্ঞতাকেই পরে তিনি শক্তিতে রূপান্তর করেন। অন্ধকার থেকে আলোয় ফেরার সেই অদম্য জেদই আজ তাঁকে পরিণত করেছে এক লড়াকু যোদ্ধায়।

ঘুরে দাঁড়ানোর শুরু

২০০১ সালে ‘পায়াক্ট বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনে পিয়ার এডুকেটর হিসেবে কাজ শুরু করার মধ্য দিয়ে ফরিদার জীবনের মোড় ঘুরতে শুরু করে। যৌনপল্লির নারীদের স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, তাঁর মতো আরও কতশত নারী প্রতিদিন নিঃশব্দে পোহাচ্ছেন অকথ্য যন্ত্রণা। সেই তাগিদ থেকেই অন্য ১০ জনকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ‘অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা’। বর্তমানে এই সংগঠনের সভানেত্রীর দায়িত্ব পালন করে তিনি দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত নারী ও শিশুদের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন।

অর্ধশত নারীর সংসার ও মানবাধিকারের লড়াই

ফরিদার এই লড়াই কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তাঁর দূরদর্শী পরামর্শ ও সাহচর্যে দৌলতদিয়া যৌনপল্লির অন্ধকার ছেড়ে নতুন জীবন শুরু করেছেন প্রায় অর্ধশত নারী। তাঁদের কেউ বেছে নিয়েছেন স্বাভাবিক সংসারজীবন, কেউ আবার যুক্ত হয়েছেন মানবাধিকার ও সেবামূলক কাজে। জেলী আক্তার কিংবা দেবীর মতো নারীরা আজ সমাজের মূল স্রোতে ফিরে আত্মবিশ্বাসী জীবন কাটাচ্ছেন। বর্তমানে ফরিদার গড়া এই সংগঠনের সঙ্গেই যুক্ত হয়ে বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংস্থায় কাজ করছেন প্রায় ৩০ জন নারী-পুরুষ, যা অবহেলিত মানুষের জীবনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

স্বাস্থ্যসেবা থেকে আন্তর্জাতিক মঞ্চ

দৌলতদিয়ার নারীদের স্বাস্থ্যঝুঁকি কমানো, সচেতনতা তৈরি এবং অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ফরিদা। শিশুদের জন্মপরিচয় বা পারিবারিক বাস্তবতার কারণে তারা যেন কোনোভাবেই শিক্ষা ও স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লড়াইও চালিয়ে যাচ্ছেন তিনি। প্রান্তিক এই নারীদের অধিকার ও স্বাস্থ্যসেবার দাবি বিশ্বমঞ্চে তুলে ধরতে তিনি ইতিমধ্যে চারটি দেশে ১০ বার বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়েছেন। ফরিদার এই পথচলা তাই আজ কেবল একটি স্থানীয় উদ্যোগ নয়, বরং এটি হয়ে উঠেছে অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠার এক দীপ্ত প্রতীক।

কালীগঙ্গার বুকে নারীদের রাঙা পাল

আখ কাটতে গিয়ে জরায়ু হারাচ্ছেন মহারাষ্ট্রের নারী শ্রমিকেরা

৯ মাসে নির্যাতনের শিকার ২১৭১ নারী ও কন্যাশিশু

নিউক্লীয় ফিশনের রূপকার লিজ মাইটনার

প্রতিটি ঘটনার প্রমাণ রাখুন, কোনো প্রমাণ মুছবেন না

অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অবদান ও অবস্থান

শেষ কপি বিক্রি শেষেই যুক্তরাজ্যে আর মিলবে না রুনির বই

শিশুর প্রকৃত পরিচর্যাকারীকে অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়ার দাবি

যে বাঙালি নারীকে নোবেল মনোনয়ন দিয়েছিলেন শ্রোডিঙ্গার

শখে শেখা দরজির কাজেই শিল্পীর দিনবদল