হোম > ল–র–ব–য–হ

স্কটল্যান্ডের হ্রদে সত্যি কি দানোর বাস

ইশতিয়াক হাসান

স্কটল্যান্ডের লখ্ নেসকে ঘিরে আছে এক জলদানবের কিংবদন্তি, যার নাম নেসি। শত শত বছর ধরে রহস্যময় এই প্রাণীকে ডালপালা মেলেছে অনেক গল্প। সত্যি কি লখ্নেসে কোনো দানোর আবাস? ইতিহাসের পাতা ঘেঁটে আর নানা যুক্তি-তর্কের মাধ্যমে সেটাই জানার চেষ্টা করছি।

আইরিশ ও স্কটিশরা লেক এমনকি সাগর থেকে বেরিয়ে আসা খাঁড়িকে লখ্ বলে। স্কটিশ হাইল্যান্ড এলাকায় প্রায় ২৩ মাইল লম্বা লখ্নেস নামের হ্রদের অবস্থান। বলা হয়, এতেই আবাস বিশালাকায় এক প্রাণীর। লখ্নেসের নাম থেকেই দানোটার নাম নেসি।

 ১৯৩৩ সাল। লেক পর্যন্ত একটা রাস্তা তৈরির কাজ সবে শেষ হয়েছে। ফলে জলাধারটাকে আরও ভালোভাবে দেখার সুযোগ মিলে গেল। এপ্রিলে জর্জ স্পিচার নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী বিশাল একটা জন্তুকে দেখার কথা বলেন, ড্রাগন কিংবা প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর সঙ্গে যার তুলনা করেন। তাঁদের বর্ণনা মেনে নিলে ওটা দৈর্ঘ্যে ২৫ ফুট, উচ্চতা ৪ ফুট, ঢেউ খেলানো একটা লম্বা গলাও আছে। তাঁদের গাড়ির সামনে দিয়ে চলে গিয়ে জংলা জায়গা পেরিয়ে লেকে নেমে পড়ে ওটা। কারও কারও ধারণা, রাস্তা বানাতে গিয়ে যে বিকট শব্দ হয়, তা-ই দানবটাকে হ্রদের তলদেশ থেকে ওপরে টেনে আনে। স্কটিশ এক সংবাদপত্রে খবরটা ছাপা হয়, এরপর অনেকেই দেখার দাবি তুলতে থাকেন।

এ ঘটনার জেরে পুরোনো কয়েকটা ঘটনার বিবরণও সামনে আসে। যেমন ১৮৭১-৭২ সালের দিকে ড. ম্যাকেঞ্জি হ্রদের জলে আশ্চর্য এক বস্তু দেখেছিলেন, অনেকটা কাঠের একটা গুঁড়ি কিংবা উল্টানো নৌকার মতো মনে হয়েছিল তাঁর একে। শুরুতে জিনিসটা ধীরে ধীরে এগোচ্ছিল, তারপর গতি বাড়িয়ে পানির তলে অদৃশ্য হয়।

১৮৮৮ সালে রাজমিস্ত্রি আলেকজান্ডার ম্যাকডোনাল্ড খাটো পায়ের বড় একটা প্রাণীকে উঠে আসতে দেখেন লেকের তল থেকে তীরে। যেখানে ম্যাকডোনাল্ড দাঁড়িয়ে, সেখান থেকে গজ পঞ্চাশেক দূরে জল কেটে কেটে এগোচ্ছিল জন্তুটা।

 ১৯৩৩ সালের ডিসেম্বরে ঘটনায় নতুন মোড় এল, যখন যুক্তরাজ্যের নামী পত্রিকা ডেইলি মেইল মারমাডিউক ওয়েদারেল নামের এক শিকারিকে দায়িত্ব দিল এই জলদানোকে খুঁজে বের করার! তদন্তের শুরুতেই হ্রদের তীরে বিশাল কিছু পায়ের ছাপ আবিষ্কার করে বসলেন ওয়েদারেল। তাঁর ধারণা, ওগুলো বিশ ফুট লম্বা কোনো নরম পায়ের জন্তুর। তবে ভালোভাবে পরীক্ষা করে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকেরা রায় দিলেন, কোনো ধরনের কারসাজি ফলিয়ে ছাপগুলো বানানো হয়েছে।

১৯৩৪ সালের গোড়ার দিকেই দানো কাণ্ডে নতুন মাত্রা যোগ হলো। জানুয়ারির ৫ তারিখ। রাত ১টা। চাঁদের আলোয় বাইক চালিয়ে লেকের কিনারা ধরে যাচ্ছিলেন আর্থার গ্র্যান্ট নামের এক ব্যক্তি। ওই সময়ই জন্তুটাকে দেখেন। আরেকটু হলে ওটার গায়ে বাইক তুলেই দিয়েছিলেন। গ্র্যান্টের বর্ণনা অনুযায়ী ওটার লম্বা ঘাড়ের সঙ্গে সংযুক্ত একটা ছোট মাথা ছিল। সিল আর প্লেসিওসরাসের শংকর বলে মনে হয় তাঁর ওটাকে। জুরাসিক যুগের প্রথম দিককার বিশালদেহী সরীসৃপ এই প্লেসিওসরাস। তবে তাঁকে দেখে সতর্ক হয়ে যায় জন্তুটা, রাস্তা অতিক্রম করে লেকে নেমে যায়।

তবে সবচেয়ে চমক জাগানো ঘটনা ঘটল ১৯৩৪ সালেরই এপ্রিলে। এ সময় প্রখ্যাত ইংরেজ চিকিৎসক রবার্ট কেনেথ উইলসন রহস্যময় জন্তুটার ছবি তুলে ফেললেন। গোটা দুনিয়া নাড়িয়ে দেওয়া ছবিটিতে, যেটা পরে পরিচিত পায় সার্জন’স ফটোগ্রাফ নামে, দানবটির ছোট্ট মাথা ও গলা দেখা যাচ্ছিল।

ডেইলি মেইলে ছবিটি ছাপার সঙ্গে পৃথিবীময় হুলুস্থুল পড়ে যায়। এবার অনেকে অনুমান করেন, এটা একটা প্লেসিওসরাস। সমস্যা হলো, সাড়ে ছয় থেকে সাত কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে এরা। যদি ধরে নেওয়া হয় এটি উষ্ণ রক্তের প্রাণী, তবেও হয় লখ্নেসে বিশাল প্রাণীটার জন্য পর্যাপ্ত খাবার থাকার কথা নয়! তা ছাড়া একে শ্বাস নেওয়ার জন্য জলের ওপর কয়েকবার মাথা তুলতে হতো দিনে, সে ক্ষেত্রে আরও বেশি মানুষ দেখত। অবশ্য বিশ্বাসীদের দাবি, প্লেসিওসরাস থেকে বিবর্তনে জন্ম নেওয়া এক জন্তু এই নেসি, যে কিনা স্কটিশ পরিবেশে মানিয়ে নিতে জলের ওপর না উঠেই শ্বাস নেওয়ার কৌশল রপ্ত করেছে।

এরপর থেকে লখ্নেস দানব শিকারি বা সন্ধানীদের রীতিমতো হট স্পটে পরিণত হয়। ১৯৫৪ সালে এক মাছধরা নৌকার সোনার রিডিংয়ে সাগর সমতলের ৫০০ ফুট লম্বা একটা কিছুর উপস্থিতির আলামত মেলে।

১৯৬০ সালে লখ্নেস ইনভেস্টিগেশন ব্যুরো দশ বছরব্যাপী এক জরিপ চালায়, এতে প্রতিবছর অন্তত ২০ বার করে একে দেখা যাওয়ার ঘটনার উল্লেখ করা হয়। পরের বছরগুলোতে চালানো হয় অনেকগুলোর সোনার (শব্দ তরঙ্গের মাধ্যমে জলের নিচে কিছুর অবস্থান নির্ণয়) অভিযান। এর মধ্যে ১৯৮৭-২০০৩ সাল পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষা চালানো হয়। ওই সময় এমনকি উচ্চ ক্ষমতাসম্পন্ন সোনার যন্ত্রপাতিসহ ছোট ছোট সাবমেরিনও শামিল হয় অভিযানে। উদ্দেশ্য একটাই, নেসিকে খুঁজে বের করা। তবে সফল হয়নি কেউই। এর মধ্যে নেসির ছবি তোলার অসংখ্য দাবি আসে। বেশির ভাগই বানানো ছবি নতুবা অন্য কোনো প্রাণীকে নেসির সঙ্গে গুলিয়ে ফেলা হয়।

একটা দলের যেমন দাবি, গ্রিনল্যান্ড হাঙরকেই নেসির সঙ্গে গুলানো হচ্ছে। এরা স্বাদু পানিতেও থাকতে সক্ষম। এর মধ্যে ১৯৯৪ সালে পরিস্থিতি জটিল করে দিল নতুন খবর, উইলসনের তোলা ছবিটি আসলে একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়, খলনায়ক প্রতিশোধের নেশায় উন্মত্ত ওয়েদারেল। খেলনা সাবমেরিনের সঙ্গে কাঠ-প্লাস্টিকের মাথা জুড়ে দিয়ে এটা তৈরি করেন তিনি। ওটারই ছবি তোলেন চিকিৎসক।

গবেষকেরা বসে থাকলেন না। নেসির ভিডিও ধারণের চেষ্টাও শুরু হয়। এর মধ্যে সবচেয়ে ভালো ভিডিওটা করেন এক লেব টেকনিশিয়ান, ২০০৭ সালে। লখ্নেস সেন্টারের মেরিন বায়োলজিস্টরাও একমত হন—এটা সবচেয়ে ভালো আলামতগুলোর একটি, তবে ভিডিওতে আসা বস্তুটি সিল বা বড় ধরনের ভোদর হওয়ার সম্ভাবনা প্রবল। ২০১১ সালে আবার বড়সড় একটা প্রাণীর এক নৌকাকে অনুসরণের সোনার ছবি তোলা সম্ভব হয়। ২০১৪ সালে অ্যাপল ম্যাপে নেসের জলের সমতলের ঠিক নিচে নব্বই ফুটি একটা কিছুর আভাস মেলে। 

২০১৮ সালে হ্রদে কী ধরনের জীবনের উপস্থিতি আছে জানতে ডিএনএ জরিপ চালান গবেষকেরা। সেখানে কোনো ধরনের প্রাগৈতিহাসিক জন্তুর নমুনা মিলল না। তবে প্রচুর ইলের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। বিজ্ঞানীরা এবার ঘোষণা দিলেন, বিশাল আকারের কোনো ইলকেই নেসের দানব বলে ভুল করছে লোকেরা।

তবে এতে কৌতূহলী মানুষের বয়েই গেছে! লখ্নেসে তাদের আসা আর নেসিকে খোঁজাখুঁজি থেমে থাকল না। একে নিয়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিজ।

তবে কথা হলো লখ্নেসে দানব বাসের কাহিনি কিন্তু আধুনিক কালের নয়, সেই প্রাচীন আমল থেকেই এই গুজব আছে। এমনকি স্থানীয় পিচট লোকদের আঁকা বহু পুরোনো দেয়ালচিত্রেও পাখাসহ রহস্যময় এক জন্তুকে দেখা যায়।

প্রথম লিখিত প্রমাণটি সেইন্ট কলাম্বার ৫৬৫ সালের এক আত্মজীবনীতে। সেখানে লেখা ছিল—জন্তুটা সাঁতরাচ্ছিল লেকে এবং এক লোককে আক্রমণ করতে উদ্যত হচ্ছিল, তবে সাধক কলাম্বা ওটাকে ফিরে যাওয়ার আদেশ দিলে তা পালন করে সে। তার পরের শতকগুলোতে হঠাৎ হঠাৎ একে দেখার কথা দাবি করেছে কেউ কেউ। স্কটিশ উপকথায়ও এ ধরনের জলচর দানবের ভুরি ভুরি উদাহরণ আছে।

তবে সবকিছু মিলিয়ে লখ্নেসের পক্ষে কিন্তু বড় কোনো প্রাণীকে আশ্রয় দেওয়া অসম্ভব কিছু নয়। এর সর্বোচ্চ গভীরতা ২৩০ মিটার। গড় গভীরতা ১৩২ মিটার। লখ্‌নেসের পর স্কটল্যান্ডের দ্বিতীয় গভীর লখ্ এটি। তবে যদি বিস্তৃতি আর গভীরতা দুটোকে বিবেচনায় নেন, একে শুধু স্কটল্যান্ড নয়, গোটা গ্রেট ব্রিটেনের সবচেয়ে বেশি পানি ধরে এমনকি সবচেয়ে বড় হ্রদও বলতে পারেন।

অনেকে আবার বলেন, রাতে আলোর কারসাজিতে এসব ঘটনা ঘটেছে। কারও আবার দাবি, ত্রিশের দশকে ওই এলাকায় উপস্থিত সার্কাসের হাতি জলকেলি করতে গিয়েই প্রথম গুজবের জন্ম দেয়। তবে কথা হলো, যাঁরা নেসিকে দেখেছেন বলে দাবি করেছেন, তাঁদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত, সম্মানিত ও স্থির মস্তিষ্কের ব্যক্তিও আছেন।

সাম্প্রতিক কালে এক ঝড়ের সময় স্কটিশ এক সৈকতে বিশাল একটা কঙ্কাল আবিষ্কারের ঘটনাও তোলপাড় তুলেছিল। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে তোলা এক ছবি নতুন করে হাওয়া লাগিয়েছে নেসিবিশ্বাসীদের নৌকার পালে, ওই ছবিতে লখ্নেসের জলে বড়সড় একটা কিছু সাঁতরে যাওয়ার প্রমাণ মিলেছে। নেসি ছাড়া এত্তো বিশাল কী হতে পারে!

আমার মতো রহস্যপ্রেমী মানুষের জন্য দুঃসংবাদ হলো, নেসি আছে এমন কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। আর আশার কথা, সে মারা গেছে কিংবা নেই এমন কোনো প্রমাণও কোনো অবিশ্বাসী হাজির করতে পারেননি।

সূত্র: হাইল্যান্ড টাইটলস ডট কম, উইকিপিডিয়া

ভিডিও বানাতে গিয়ে ‘ডেভিল কাঁকড়া’ খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

এক সকালে ছেলেকে জুতা পরাতে গিয়ে বুঝলেন, দৃষ্টিশক্তি হারাচ্ছেন বাবা

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা

চারবার লটারিতে ২ কোটি ডলার, গণিতে পিএইচডিধারী বলেই কি সম্ভব হলো

এক গ্রামের ২১ বন্ধু জিতলেন লটারি, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা

বিক্রি হয়ে যাচ্ছে গোটা একটি শহর, কী হবে ৫ বাসিন্দার

দেড় ঘণ্টায় ১০১ তলা ভবন বেয়ে চূড়ায় উঠে তাক লাগানো কে এই মার্কিন নাগরিক

রশি-নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় উঠলেন মার্কিন পর্বতারোহী

২৫০ কেজি ওজন নিয়েও লাফাত ক্যাঙ্গারুর পূর্বপুরুষেরা

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে ছুরিকাঘাত করলেন তরুণী