হোম > প্রযুক্তি

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা বা ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের আগে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মকে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন নিতে হবে। এ বিধানসহ ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’–এর একটি খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জনমত নেওয়ার জন্য খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়া যাবে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে বিজ্ঞাপন দিতে চাইলে বিদেশি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে প্রথমে ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন নিতে হবে। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রচলিত ভ্যাট, কর ও অন্যান্য আইনি বাধ্যবাধকতাও পালন করতে হবে। শুধু বিজ্ঞাপন নয়, কোনো বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠান যদি বাংলাদেশে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করতে চায়, সে ক্ষেত্রেও বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন বাধ্যতামূলক হবে।

খসড়া এই নীতিমালার বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির আজকের পত্রিকাকে বলেন, ‘ডিজিটাল ক্রস-বর্ডার বাণিজ্য নীতিমালা এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে সেটি বাস্তবায়নযোগ্য হয়। অনেক দেশ এ ধরনের নীতিমালা কার্যকর করতে গিয়ে পরে বিভিন্ন জটিলতার কারণে তা সংশোধন বা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তাই শুরু থেকেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সহজ ও কার্যকর কাঠামো তৈরি করা প্রয়োজন। নীতিমালাটি এমন হওয়া উচিত যাতে বিদেশি ডিজিটাল কোম্পানিগুলোর জন্য তা বাস্তবায়ন করা সহজ হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকার যেন যথাযথভাবে রাজস্ব আদায় করতে পারে এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই সঠিক কর নিশ্চিত করা সম্ভব হয়।’

সুমন আহমেদ সাবির আরও বলেন, ‘দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনদাতারা যাতে সহজে অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। অর্থাৎ বিদেশি প্ল্যাটফর্মের জন্য বাস্তবায়নযোগ্য ব্যবস্থা, সরকারের রাজস্ব নিশ্চিত করা এবং স্থানীয় বিজ্ঞাপনদাতাদের জন্য সহজ প্রক্রিয়া—এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে নীতিমালাটি কার্যকর ও সহায়ক হবে।’ তিনি আরও বলেন, ‘পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, সহজ এবং সহযোগিতামূলক হলে এ নীতিমালা বাস্তবায়নে বড় কোনো সমস্যা হবে না; বরং এটি ডিজিটাল বাণিজ্যকে আরও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।’

নীতিমালাটি কার্যকর হলে মেটা, গুগল, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশে নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচার বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। নীতিমালার খসড়ায় বলা হয়েছে, নিবন্ধিত বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে পণ্য বা সেবা আমদানি করলে সেসবের বিজ্ঞাপন দেশের প্রচলিত আইন মেনে প্রচার করা যাবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রেও সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে।

ডিজিটাল ক্রস-বর্ডার বাণিজ্য নীতিমালা নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে বাংলাদেশ। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বিজ্ঞাপনকে করের আওতায় আনার চেষ্টাও নতুন নয়। সর্বশেষ দুটো সরকারের সময়ও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছরের ২৩ ডিসেম্বর ততকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জাতীয় রাজস্ব বোর্ডকে আধা সরকারি চিঠি (ডিও লেটার) দিয়ে প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল বিজ্ঞাপনকে করের আওতায় আনার পরামর্শ দিয়েছিলেন।

ওই চিঠিতে বলা হয়েছিল, ২০২৩ সালে বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যয় ছিল প্রায় ১ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৫৭ বিলিয়ন টাকা)। এর মধ্যে যদি আনুমানিক ৬০ শতাংশ বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মের কাছে যায় এবং তার অধিকাংশ করের আওতার বাইরে থাকে, তবে বছরে প্রায় ৭৪ বিলিয়ন টাকার বেশি লেনদেন করমুক্ত থেকে যেতে পারে।

বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট হারে এতে বছরে প্রায় ১১ বিলিয়ন টাকা ভ্যাট আদায় থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই হিসাবের মধ্যে করপোরেট আয়কর বা অন্যান্য ডিজিটাল আয়ের উৎস অন্তর্ভুক্ত নয়। এ পরিস্থিতিতে এনবিআর নিবন্ধন, নীতিগত স্পষ্টতা, তথ্য-প্রতিবেদন এবং আইন প্রয়োগের সমন্বিত উদ্যোগ বিবেচনা করতে পারে।

ডিজিটাল ক্রস-বর্ডার বাণিজ্য নীতিমালার খসড়ায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর নিবন্ধন, করারোপের পাশাপাশি নিষিদ্ধ পণ্য বা সেবার বিজ্ঞাপন বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে এমন কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না, যা ভোক্তাকে বিভ্রান্ত বা প্রতারণার শিকার করতে পারে কিংবা ডিজিটাল বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে।

এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে নকল, ভেজাল ও প্রতারণামূলক পণ্যের বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। অনলাইন জুয়া, বেটিং, লটারি এবং আমদানি-রপ্তানি নীতিমালায় নিষিদ্ধ ঘোষিত পণ্য বা সেবার ডিজিটাল বাণিজ্যও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

ডিজিটাল ক্রস-বর্ডার নীতিমালার খসড়ায় ব্যবসা–টু–ব্যবসা (বি–টু–বি), ব্যবসা–টু–ভোক্তা (বি–টু–সি) এবং বি–টু–বি–টু–সি ভিত্তিক ডিজিটাল আমদানি আরও সহজ করার প্রস্তাব রয়েছে। আমদানি করা পণ্য ফেরত দেওয়া বা পুনরায় রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণের সুপারিশ করা হয়েছে।

খসড়া নীতিমালায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে দেশের বিদ্যমান পরিশোধব্যবস্থার সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অর্থ পরিশোধ ব্যবস্থা চালুর ওপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য অলটারনেটিভ ডিসপিউট রেজুলেশন (এডিআর) ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে।

এ খসড়া নীতিমালার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের চেয়ারম্যান ড. আবুল খায়ের বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন যেমন ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করে, তেমনি প্রতারণার ঝুঁকিও রয়েছে। বিশেষ করে ফেসবুকে এমন অনেক পেজ রয়েছে, যেগুলোর কোনো নির্ভরযোগ্য পরিচয় নেই। এসব পেজ অবাস্তব অফার দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে থাকে। তাই সরকার যদি নিবন্ধনের মাধ্যমে এসব প্ল্যাটফর্মকে একটি নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনতে চায়, তাহলে সেটি ইতিবাচক উদ্যোগ হবে। বাংলাদেশে পরিচালিত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর একটি সরকারি রেকর্ড থাকা প্রয়োজন। এতে কোন প্ল্যাটফর্ম দেশে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তা নজরদারি করা সহজ হবে।’

কর আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ থেকে যে আয় করছে, তার ওপর কর বা ভ্যাট আরোপের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে সেটি বাস্তবায়নের জন্য সরকারকে একটি কার্যকর প্রক্রিয়া বা নীতিমালা তৈরি করতে হবে। নিবন্ধন বাধ্যতামূলক করা হলে প্ল্যাটফর্মগুলোর আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ সহজ হবে এবং সেই তথ্যের ভিত্তিতে কর বা ভ্যাট নির্ধারণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে বিদ্যমান বিজ্ঞাপন নীতিমালার আওতায় বিষয়টি পরিচালিত হবে, নাকি ডিজিটাল বিজ্ঞাপনের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে—সেটি এখনো স্পষ্ট নয়। তাই এ বিষয়ে সরকারকে সুস্পষ্ট নীতিগত কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করতে হবে।’

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন