হোম > প্রযুক্তি

বেসিসের সদস্য যাচাই ও নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ৭ সদস্যের সহায়ক কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বেসিস। সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব ও বেসিসের প্রশাসক খাদিজা নাজনীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

সহায়ক কমিটিতে রয়েছেন ট্রাস্ট-আইটি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নূরুল ইসলাম, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব, অটোভা টেকনোলজির ফেরদৌস আলম, রেড স্প্যারো ডিজিটালের পরিচালক মো. ফুয়াদ হাসান, লেমিসে লিমিটেডের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মো. রাশেদ উল হক সরকার এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মোহাম্মদ তাফিত হাসান চৌধুরী।

সহায়ক কমিটির কর্মপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কমিটি শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই করে হালনাগাদের কাজ করবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে কমিটির কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না।

এ ছাড়া কমিটির কোনো সদস্য বেসিসের আসন্ন নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন তফসিল ঘোষণার দিনই সহায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।