হোম > প্রযুক্তি

প্রেমের ফাঁদে এনভিডিয়ার সিইও, কে সেই নারী

আজকের পত্রিকা ডেস্ক­

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করেছেন। এ নিয়ে কোম্পানির বোর্ড একটি তদন্ত শুরু করেছে। ছবি: লিঙ্কডইন

বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia)-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর কথা স্বীকার করেছেন। সেই নারীকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার মূল্যমানের বহুজাতিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং আন্তর্জাতিক গোয়েন্দা তৎপরতার শিকার হয়েছেন কি না তা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পর এই তথ্য সামনে এলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তত্ত্বাবধানে তৈরি এক গোপনীয় গোয়েন্দা স্মারকের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জেনসেনের প্রেমিকা অ্যালিস হুয়াংকে (সম্পর্কে কোনো আত্মীয় নন) চীনের প্রধান গোয়েন্দা সংস্থা ‘মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি’ (MSS) নিয়োগ করেছিল।

২০২৪ সালের ৪ জুন তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স ট্রেড শো-তে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং একজন নারীর (যিনি অভিযুক্ত গুপ্তচর নন বলে নিশ্চিত করা হয়েছে) ব্রা-তে অটোগ্রাফ দিচ্ছেন। ছবি: থ্রেড

ইলেকট্রনিক নজরদারির ওপর ভিত্তি করে তৈরি ওই গোয়েন্দা প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে চীনের একটি ‘হানি ট্র্যাপ’ অভিযানের অংশ হিসেবে চিহ্নিত করা হয়।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ (Megaspeed) নামক একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। এই প্রতিষ্ঠান এনভিডিয়ার কাছ থেকে বিলিয়ন ডলারের আধুনিক এআই চিপ কিনে থাকে। মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে চীনে উন্নত মানের এআই প্রসেসর ও চিপ পাচারে সহায়তা করার অভিযোগে ইতিমধ্যেই তদন্ত চলছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং সহকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বৈবাহিক বিশ্বাস ভঙ্গের কথা স্বীকার করেছেন।

মেগাস্পিড এআই-এর হুয়াং জিয়াওলের সঙ্গে এই চিপ বসের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ছবি: লিঙ্কডইন

১৯৮৫ সালে লরি মিলসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জেনসেন দুই সন্তানের জনক। বার্তাটিতে তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার এই কাজ আমার স্ত্রী ও সন্তানদের মারাত্মকভাবে কষ্ট দিয়েছে। আমার এই আচরণের কোনো অজুহাত হয় না। আমি অত্যন্ত আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ গতকাল রোববার এক বিবৃতিতে জানায়, কোম্পানির সিইও কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে স্বাধীন পরিচালক ও আইনি কাউন্সিলের সমন্বয়ে গঠিত এই তদন্ত কমিটি চলাকালেও জেনসেনের নেতৃত্বের ওপর বোর্ডের আস্থা বহাল রয়েছে বলে জানানো হয়।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে এনভিডিয়া সর্বোচ্চ প্রাধান্য দেয়। আমাদের প্রাথমিক পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনো প্রযুক্তিগত গোপনীয়তা হাতছাড়া হওয়ার প্রমাণ মেলেনি, তবুও নিরপেক্ষভাবে সব তথ্য খতিয়ে দেখা হবে। জেনসেন এই তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এআই প্রযুক্তির প্রতিযোগিতায় বাইডেন প্রশাসন চীনে উন্নত চিপ রপ্তানিতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর চীনে চিপ বিক্রির নিয়ম শিথিল করার জন্য হোয়াইট হাউসে জোরালো তদবির চালিয়ে আসছিলেন জেনসেন হুয়াং।

২০২৪ সালের ৪ জুন তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স ট্রেড শো-তে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং একজন নারীর (তিনি অভিযুক্ত গুপ্তচর নন বলে নিশ্চিত করা হয়েছে) ব্রা-তে অটোগ্রাফ দিচ্ছেন। ছবি: লিঙ্কডইন

চীনা চিপ চক্রান্তের বিষয়টি মার্কিন প্রশাসনের জানা থাকা সত্ত্বেও ট্রাম্পের নীতি নির্ধারণী মহলে জেনসেন হুয়াং অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। এমনকি ২০২৬ সালে তিনি ট্রাম্পের ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পরিষদে’ও মনোনীত হন।

গতকাল রোববার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনসেনের পক্ষে অবস্থান নিয়ে তাঁকে একজন ‘সম্মানিত ও চমৎকার ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।

ট্রাম্প বলেন, ‘তিনি আমাদের দেশের জন্য দুর্দান্ত কাজ করেছেন। তিনি কোনো ভুল করেছেন বলে আমি শুনিনি। তিনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু এটা তো অনেকেই করে থাকে।’

জেনসেন হুয়াং ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার একটি ডিনার রেস্তোরাঁয় বসে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী তিন দশকে তাঁর নেতৃত্বেই কোম্পানিটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়।

তবে চীন সরকারের সঙ্গে সম্পৃক্ত একজন নারীর সঙ্গে শীর্ষ প্রযুক্তি নির্বাহীর এই সংবেদনশীল সম্পর্ক ফাঁস হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রযুক্তি খাতে জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে।

‘অনলি ফ্যানস’-এ যেতে কিশোরীদের প্রলুব্ধ করছে টিকটক

যুদ্ধে মরছে ইউক্রেনীয়রা, সেই তথ্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে প্যালান্টির

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা

ট্রাম্প প্রশাসনের চাপে চীনা কোম্পানির সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল ওরাকল

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না