ব্যর্থতার চোরাবালিতে আটকা পড়েছে রিয়াল মাদ্রিদ। টানা হার এবং ড্রয়ে বিপর্যস্ত মাদ্রিদের ক্লাবটি। সবশেষ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে তারা। এমন বাজে সময়ে আশার কথা শোনালেন কিলিয়ান এমবাপ্পে। তারকা ফরোয়ার্ডের বিশ্বাস—খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে রিয়াল।
মৌসুমের শুরুতেই বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। কোপা দেল রেতে লস ব্লাঙ্কোসদের যাত্রা থেমেছে শেষ ষোলতে। লা লিগার শিরোপার লড়াই থেকেও একরকম ছিটকে গেছে। ৩১ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল। শীর্ষে আছে বার্সা। কাতালানদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। নাটকীয় কিছু না হলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা ঘরে তুলবে বার্সা।
শেষ ভরসা হিসেবে চ্যাম্পিয়নস লিগে আশা বেঁচে ছিল রিয়ালের। কিন্তু ইউরোপ সেরা প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের পথচলা থেমেছে কোয়ার্টার ফাইনালে; বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হেরে গেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের হারের পর আলিয়াঞ্জ অ্যারেনায় লড়াই করেও শেষ পর্যন্ত পেরে উঠেনি। ৪-৩ গোলের হার নিয়ে ফিরেছে আলভারো আরবেলোয়ার দল।
টানা ব্যর্থতার জন্য নিজেদের ঘাড়েই দায় চাপাচ্ছেন এমবাপ্পে। তবে অতীতে নিয়ে পড়ে না থেকে সামনে তাকাতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় এমবাপ্পে লিখেছেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া অবশ্যই হতাশাজনক, তবে এখন আমাদের সামনে তাকাতে হবে। ভবিষ্যতে যেন এমন হতাশার মুখে না পড়তে হয়, সে জন্য নিজেদের কঠোরভাবে বিশ্লেষণ করতে হবে। আমরা কখনোই হাল ছাড়ব না। মাদ্রিদে ব্যর্থতা কখনোই গ্রহণযোগ্য ছিল না, কখনোই হবেও না। তবে আমি একটা কথা দিচ্ছি—আমরা খুব শিগগিরই আবার জয়ের ধারায় ফিরব।’