ফুটবল বিশ্বকাপ স্কটল্যান্ডের কাছে অপরিচিত নয়। আবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ তারা যে খুব নিয়মিত খেলছে, ব্যাপারটা তাও নয়। এই নিয়ে নবমবারের মতো বিশ্বকাপ খেলছে স্কটিশরা। কিন্তু জয় শব্দটা তাদের কাছে হয়ে উঠেছিল অমাবশ্যার চাঁদ। অবশেষে বোস্টনে আজ তাদের ফুরোল দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা।
২৮ বছর পর এবার বিশ্বকাপে সুযোগ পেল স্কটল্যান্ড। তবে সবশেষ জয় তো বিশ্বকাপে তারা পেয়েছিল আরও আগে। ১৯৯০ সালে ইতালিতে আয়োজিত ফুটবল বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল স্কটিশরা। জেনোয়ার সেই জয়ের ৩৬ বছর পর আজ জয়খরা কাটাল স্কটল্যান্ড। বোস্টনে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটিশরা।
বোস্টনে আজ আধ ঘণ্টা পেরোনোর আগেই গোলের দেখা পেয়ে যায় স্কটল্যান্ড। ২৮ মিনিটে স্কটিশ মিডফিল্ডার বেন গ্যানন ডোক পাস দেন জন ম্যাকগিন। পরবর্তীতে আনুষ্ঠানিকতা সারেন ম্যাকগিন। হাইতি গোলরক্ষক জনি প্লাসিদকে ফাঁকি দিয়ে স্কটল্যান্ড দেখা পায় প্রথম গোলের। প্রথমার্ধ স্কটল্যান্ড শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল হাইতি। ৪৬ মিনিটে ফ্রঁৎসদি পিয়েরে, উইলসন ইসিদর দুজনেই স্কটল্যান্ডের রক্ষণদুর্গ ভেদ করে ঢুকে পড়েছিলেন। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। তখনই হলুদ কার্ড দেখেন স্কটিশ ডিফেন্ডার অ্যারন হিকি। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেনি স্কটল্যান্ড। যে ম্যাকগিনের নামের পাশে যোগ হতে পারত দ্বিতীয় গোল, তিনি পোস্টের বাইরে শট করেছেন।
সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও কিছুতেই কিছু করতে পারেনি হাইতি। যার মধ্যে শেষভাগে এসে গোলের সুযোগ হাতছাড়া করেছে দলটি। ৮৫ মিনিটে পিয়েরে হেড দিলেও যথাযথ সংযোগ করতে পারেননি। দুকেন্স নাঁজকে না খেলানোয় হয়তো আফসোস হচ্ছিল হাইতি কোচ সেবাস্তিয়েন মিগনের। আন্তর্জাতিক ফুটবলে ৭৮ ম্যাচে ৪৪ গোল করা নাঁজকে আজ প্রথম একাদশ তো দূরে থাক, খেলানো হয়নি বদলি হিসেবেও।
স্কটল্যান্ডের জয় যখন কেবল সময়ের অপেক্ষা, তখন বোস্টনের গ্যালারিতে লাল জার্সি পরিহিত স্কটিশ সমর্থকেরা হাত নেড়ে উদযাপন করতে থাকেন। রেফারি শেষ বাঁশি বাজানোর পর স্কটিশ খেলোয়াড় ডাগআউটে থাকা কোচদের সঙ্গে করমর্দন করেছেন। ১-০ গোলের জয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড।
হাইতিকে হারিয়ে বিশ্বকাপে চতুর্থ জয় পেল স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে থাকা স্কটল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ মরক্কো। ২০ জুন বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২৫ জুন মায়ামিতে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।
বারবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্কটিশরা এবার নকআউট পর্বে উঠতে পারে কি না, সেটা সময়ই বলে দেবে। ৪৮ দলের বিশ্বকাপে ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। পরবর্তীতে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।