বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইয়ের আগে নানা আলোচনায় মুখর ফুটবল দুনিয়া। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন লিওনেল স্কালোনির দল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন স্পেনের সাংবাদিক রবার্তো গোমেজ।
রেডিও মার্কার জনপ্রিয় অনুষ্ঠান লা ত্রিবুতে আর্জেন্টিনার ফুটবলারদের খেলার ধরন নিয়ে কঠোর সমালোচনা করেছেন গোমেজ। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। তাদের কিছু ফুটবলার সহিংসতার কাছাকাছি চলে যায়। এটা একটি সহিংস দল।’
সমালোচনা করলেও দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনার সামনে স্পেনের কাজটা যে সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিলেন গোমেজ, ‘আমরা এর চেয়ে কঠিন প্রতিপক্ষ আর পেতে পারতাম না।’
আর্জেন্টিনার বিপক্ষে খেলা কঠিন হলেও লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী গোমেজ। অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখা দলটি চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন তিনি, ‘আমি নিশ্চিত, স্পেনই বিশ্বকাপ জিতবে। তবে সেটা করতে আমাদের ভীষণ কঠিন লড়াই করতে হবে।’
আর্জেন্টিনাকে নিয়ে সতর্কবার্তা দিলেও স্পেনকে এবারের বিশ্বকাপের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছেন গোমেজ। তিনি বলেন, ‘বিশ্বকাপের সেরা দল স্পেন। তারাই সবচেয়ে ভালো ফুটবল খেলছে।’
স্পেনের কোচ লা ফুয়েন্তের প্রশংসাও করতেও ভুলেননি গোমেজ, ‘বিশ্বকাপের সেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে।’ পাশাপাশি আর্জেন্টিনার কোচ স্কালোনিকে অসাধারণ একজন কোচ বলে অভিহিত করেন তিনি।