টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। এ জন্য আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ স্পেন। তার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখালেন লিওনেল মেসি। ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে প্রায় হারতে বসা আর্জেন্টিনা ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে। শিরোপার লড়াইয়ে আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে খেলতে নামবে এই দুই দল।
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘তারা (স্পেন) অসাধারণ একটি দল, দুর্দান্ত সব খেলোয়াড় আছে তাদের। তাদের খেলার ধরনও চমৎকার। আমি তাদের খুব ভালোভাবে চিনি। এটা একটি ফুটবল দর্শন, তারা বহু বছর ধরে এই স্টাইলে খেলছে।’
ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে খেলার সুবাদে ক্যারিয়ারের বড় একটি সময় স্পেনে কাটিয়েছেন মেসি। তাই দলটির সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন দশ নম্বর জার্সিধারী, ‘আমি তাদের (স্পেনের) খেলোয়াড়দেরও চিনি। অনেকের বিপক্ষে খেলেছি, এখনো তাদের অনুসরণ করি। তাদের কয়েকজন বার্সেলোনায় খেলে, যে ক্লাবকে আমি সব সময় ভালোবেসেছি এবং অনুসরণ করেছি।’
ফাইনালকে কঠিন লড়াই হিসেবে দেখছেন মেসি। তাঁর মতে, দুই দলের সামর্থ্য ও মান বিবেচনায় কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, ‘এটি হবে বিশেষ এক ম্যাচ, দুই সমান শক্তির দলের লড়াই।’
আরও একবার বিশ্বকাপের ফাইনালে ওঠার অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, ‘আরেকটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো, এর সঙ্গে জড়িয়ে থাকা সবকিছু, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলা—সবকিছুই বিশেষ।’
ইংল্যান্ডের বিপক্ষে এই জয়কে ফাইনালের মতো উপভোগ করেছেন মেসি, ‘আমরা সেভাবেই (ফাইনালের মতো) অনুভব করেছি। তবে কোনো কিছু গুলিয়ে না ফেলে, এটাকে শুধুই ফুটবল ম্যাচ হিসেবেই দেখেছি। এটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে একটি সেমিফাইনাল—ফুটবল ইতিহাসে, আমাদের জন্য এবং আর্জেন্টিনার ইতিহাসে যার বিশেষ গুরুত্ব আছে। আজ উদযাপন করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’