চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন। কিন্তু চোট যে কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর মাঝপথে তাঁকে নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা আরও একটু বাড়ল।
মরক্কোর বিপক্ষে গত পরশু ভোরে নিউজার্সিতে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। চোটে পড়ায় সেই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। তবে গ্যালারিতে বসে দেখেছেন দলের হতাশাজনক পারফরম্যান্স। এরই মধ্যে ইএসপিএনের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে যে নকআউট পর্বের আগে নেইমার খেলতে পারছেন না। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে সূত্র জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকা এখনো হাইতির বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে ফিরতে পারেননি। এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি আবারও করাচ্ছেন।
২০ জুন বাংলাদেশ সময় ভোরে বোস্টনে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে ২৫ জুন। মায়ামিতে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে গতকাল নিউইয়র্ক রেড বুলসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে একাধিক সূত্র জানিয়েছে, নেইমারের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গ্রেড-২ পেশির চোট থেকে এখনো সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তাতে করে এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি পুনরায় সম্পন্ন করেছেন। তবে পরীক্ষার ফলাফল এখনো সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) আনুষ্ঠানিকভাবে জানায়নি।
সূত্রের বরাতে যা বোঝা গেল, তাতে করে নেইমারের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলার সম্ভাবনা অনেক কম। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোতেও আশাবাদী হওয়ার মতো কোনো খবর নেই। নকআউট পর্বের জন্য তাঁকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা।
১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন নেইমার। ঠিক তার পরের দিন (১৮ মে) তাঁকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন আনচেলত্তি। তবে সেই চোট এখনো তাঁকে ভোগাচ্ছে। পরে আর তিনি অনুশীলনেই ফিরতে পারেননি।
মরক্কোর বিপক্ষে ড্র করায় ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে ব্রাজিল। তাদের পয়েন্ট ১। দুইয়ে থাকা মরক্কোর পয়েন্টও ১। গ্রুপে সবার ওপরে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ৩। কোনো পয়েন্ট না পাওয়া হাইতির পয়েন্ট ০। ৪৮ দলের বিশ্বকাপে ৩২ দল উঠবে নকআউট পর্বে। শেষ ৩২, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।