হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের আগে প্রতিপক্ষকে মেসির ‘সতর্কবার্তা’

ক্রীড়া ডেস্ক    

গোল করে এবং করিয়ে মায়ামিকে জিতিয়েছেন তারকা ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ঠিক এমন সময়েই নিজের চেনা ছন্দ দেখাতে শুরু করেছেন লিওনেল মেসি। গোল করছেন, করাচ্ছেন, ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছেন—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টাইন অধিনায়কের পারফরম্যান্সে আশাবাদী হয়ে উঠছে সমর্থকেরা।

মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোর ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির নতুন ঠিকানা নু স্টেডিয়ামে এটাই মায়ামির প্রথম জয়। সেই জয়ের কেন্দ্রে ছিলেন মেসি। পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার দিনে গোল করে এবং করিয়ে আলোটা নিজের দিকে টেনে নিলেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের ৩১ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। টেলাস্কো সেগোভিয়ার ব্যাকহিল পাস ধরে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। ক্যারিয়ারে এটি মেসির ৯১০তম গোল। তবে পরিসংখ্যানের চেয়েও বেশি আলো কেড়ে নেয় তাঁর তৈরি করা দ্বিতীয় গোলটি। ৪২ মিনিটে লুইস সুয়ারেজের সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন মেসি। টিম্বার্সের চার ডিফেন্ডার তাঁকে ঘিরেও থামাতে পারেননি। শেষ মুহূর্তে অসাধারণ ঠান্ডা মাথায় বাঁ দিকে ফাঁকায় থাকা মেক্সিকান ফরোয়ার্ড এরমান বের্তারেমকে বল বাড়িয়ে দেন তিনি। সহজ সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বের্তারেম।

ম্যাচজুড়েই টিম্বার্সের রক্ষণকে চাপে রেখেছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাঁর শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে ফ্রি-কিক থেকেও প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন, দুর্দান্ত সেভে তা ঠেকান টিম্বার্স গোলরক্ষক জেমস প্যান্টেমিস।

গত মাসে উদ্বোধন হওয়া ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়ামে এর আগে জয়ের দেখা পায়নি মায়ামি। তিনটি ম্যাচ ড্র করার পাশাপাশি অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৪-৩ গোলে হেরেছিল তারা। অবশেষে টিম্বার্সের বিপক্ষে এসে কাটল সেই হতাশা।

বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেসির ফর্মও যেন তুঙ্গে উঠছে। মায়ামির হয়ে টানা চার ম্যাচে গোল করেছেন তিনি, একই সঙ্গে সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন নিয়মিত। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১২ গোল, সঙ্গে রয়েছে ৬টি অ্যাসিস্ট।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে সম্ভাবনা বেশ জোরালো। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাঁকে ইতিমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের।

বিশ্বকাপের আগে মেসির এই ছন্দ আর্জেন্টিনার জন্য বড় সুখবরই। গোল করার পাশাপাশি খেলার গতিপথ বদলে দেওয়ার সেই পুরোনো ক্ষমতাটাও যে এখনো অটুট, সেটাই আবার মনে করিয়ে দিলেন ফুটবলের এই মহাতারকা।

কারা থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের হট্টগোল

মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায় কলম্বিয়া

মোহামেডানের ৯০ বছর পূর্তি উদ্‌যাপনে বিশেষ পরিকল্পনা

কোলম্যানের নিয়োগ নিয়ে ধোঁয়াশা, বাংলাদেশের কোচ হবেন তো

তারকা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো