হোম > খেলা > ফুটবল

মেসির কাছ থেকে পুরস্কার পাচ্ছেন আর্জেন্টিনার এই তরুণ

ক্রীড়া ডেস্ক    

দর্শকদের ভোটাভুটিতে লিওনেল মেসির পর নিকো পাসই পরতে যাচ্ছেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। ছবি: ফেসবুক

নিকো পাস কি আর্জেন্টিনার পরবর্তী লিওনেল মেসি—গতকাল আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ শেষে চলছে এই আলোচনা। মেসির মতো গোল করেছেন পাস। পাশাপাশি সতীর্থকে দিয়েও পাস একটা গোল করিয়েছেন। সামাজিক মাধ্যমে এত আলোচনার ভিড়ে তিনি যদি একটু আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দিকে তাকান, তাহলে জানতে পারবেন এক পুরস্কারের কথা।

আর্জেন্টিনার হয়ে মেসির অধ্যায় এখনো শেষ হয়নি। এবারের ফিফা উইন্ডোতেই আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। তবে সেটা তো কেবল এক ম্যাচ। মেসি পরবর্তী কে পরবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি—সেটা নিয়েই এখন যত আলোচনা। এবার অনেকটা নিশ্চিত যে ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার পাসই পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি। টিওয়াইসি স্পোর্টস গত রাতে দর্শকদের ভোটাভুটির ভিত্তিতে এই তথ্য জানিয়েছে।

মেসি পরবর্তী আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিহিত ফুটবলার কে হচ্ছেন—২৫ হাজারেরও বেশি ভক্ত-সমর্থক এ ব্যাপারে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিয়েছেন। টিওয়াইসি স্পোর্টস পরিচালিত এই জরিপে ৫১.৪১ শতাংশ ভোট পেয়েছেন পাস। এই তালিকায় দুইয়ে থাকা এনসো ফের্নান্দেস পান ১৫.০৩ শতাংশ।

পাস-ফের্নান্দেসের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেক্সিস মাক আলিস্তার, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, থিয়াগো আলমাদা। এমনকি অন্যান্যদের নিয়েও একটা তালিকা করা হয়। এমনকি ১০ নম্বর জার্সি খালি থাকা নিয়েও একটা অংশ রাখা হয়। অবাক করার বিষয় হলো ১১.৮৬ শতাংশ খালি রাখার পক্ষে ভোট দিয়েছেন। ভোটাভুটিতে যেটার অবস্থান পাস-ফের্নান্দেসের পরেই।

মেসি আর এক ম্যাচ খেললেও এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি এলেই তাঁর কাছে আসে মেসির প্রসঙ্গ। আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের আগে স্কালোনির কাছে মেসি পরবর্তী ১০ নম্বর জার্সি পরিহিত ফুটবলারের নাম জানতে চাওয়া হয়েছিল। আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘পরে আমরা দেখব, কাকে এটি দেওয়া হবে। আমাদের চাওয়া, যে এই জার্সি পাবে, সে এটা যত্ন করে রাখবে।’

বলিভিয়ার বিপক্ষে গতকাল আর্জেন্টিনার চার ফুটবলার গোল করেছেন। আক্রমণভাগ, রক্ষণভাগ সব বিভাগ থেকেই এসেছে গোল। যার মধ্যে ২২ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাস দুটি গোলে অবদান রেখেছেন। এজেকিয়েল পালাসিওসের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন পাস। পাস এরপর নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়েছেন। মেসি পরবর্তী সময়ে আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড আজ পরেছেন রোমেরো। নিকো পাসের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন রোমেরো।


৮৬ মিনিটে আন্তর্জাতিক ফুটবলে আজ ক্যারিয়ারের প্রথম গোলটা করেন লোপেস। বলিভিয়ার রক্ষণদুর্গ ভেদ করে গোলের পর বসে পড়লেন। পরক্ষণে উঠে দাঁড়িয়ে লোপেস দুই হাত উঁচু করে মেসির উদযাপনকে মনে করিয়ে দিয়েছেন। আর শুরুর গোলটা এসেছে মাক আলিস্তার-লাওতারো মার্তিনেস জুটিতে। ১৯ মিনিটে মাক আলিস্তারের পাস রিসিভ করে গোলটা করেন মার্তিনেস।

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বেনিন। তার আগে মারিও কেম্পেস স্টেডিয়ামে মেসিকে ছাড়া ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

মেসি পরবর্তী ১০ নম্বর জার্সি কে পরবেন, সেটা নিয়ে ভোটের ফল

  • নিকো পাজ: ৫১.৪১%
  • এনজো ফার্নান্দেজ: ১৫.০৩%
  • কেউ নয়, ১০ নম্বর জার্সি খালি থাকবে: ১১.৮৬%
  • অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার: ৭.৫১%
  • লাউতারো মার্তিনেজ: ৪.৩৫%
  • অন্যান্য: ৪.৩৫%
  • ফ্রাঙ্কো মাস্তানতুওনো: ২.৯৩%
  • থিয়াগো আলমাদা: ২.৫৮%

মোট ভোট: ২৫,২৯৩