মেক্সিকোর গুয়াদালাহারায় আগামীকাল সকাল ৬টায় যখন দুই পরাশক্তি স্পেন ও উরুগুয়ে মুখোমুখি হবে, তখন মাঠের বাস্তবতায় দুই দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করা ইউরো চ্যাম্পিয়ন স্পেন নিজেদের দ্বিতীয় ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়েছে। সৌদি আরবকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে একটি মাত্র পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত স্প্যানিশদের, আর জিতলে কোনো হিসাব ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে তারা।
মার্সেলো বিয়েলসার উরুগুয়ে যেন টুর্নামেন্টে নিজেদের হারিয়ে খুঁজছে। সৌদি আরবের পর নবাগত কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলের হতাশাজনক ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে উরুগুয়ের সামনে এবার জয়ের কোনো বিকল্প নেই।
ম্যাচের এই তীব্র চাপ ও রণকৌশল নিয়ে স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে দলের স্পষ্ট মনোভাব তুলে ধরে বলেন, ‘আমরা হার বা ড্রয়ের জন্য খেলি না। আমাদের লক্ষ্য গ্রুপে প্রথম হওয়া।’
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া উরুগুয়ের আত্মবিশ্বাস জোগাচ্ছেন উইঙ্গার আগুস্তিন কানোবিও। তিনি বলেন, ‘উরুগুয়েকে কোয়ালিফাই করতেই হবে তার ইতিহাস ও ঐতিহ্যের কারণে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব’
একই সময়ে কাল কেপ ভার্দে লড়বে সৌদি আরবের বিপক্ষে। এইচ গ্রুপের দুই লড়াইয়ে চোখ থাকবে আর্জেন্টিনারও। কারণ রানার্সআপ দলকে শেষ বত্রিশে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা।