হোম > খেলা > ফুটবল

অবসরের পর এই প্রথম জনসমক্ষে মেসি, আছেন স্ত্রী-ছেলেও

ক্রীড়া ডেস্ক    

পরিবারের সদস্যদের সঙ্গে অবসরের পর লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কোটি কোটি ফুটবলপ্রেমীকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে বিদায় বলেছেন লিওনেল মেসি। অবসরের খবর শুনে সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে দেখা যায় একের পর এক আবেগঘন পোস্ট। ভক্ত-সমর্থক থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থ, পরিবারের সদস্য, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এমনকি হোসে মরিনিও—কেউ বাদ যাননি। এবার প্রথমবারের মতো তাঁকে দেখা গেল জনসমক্ষে।

অবসরের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসিকে দেখা গেল পরিবারের সঙ্গে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে তাঁর সন্তানরা যখন খেলছিল, তখন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলা দেখছিলেন। মেসি ছিলেন খালি পায়ে। হাতে ছিল তাঁর প্রিয় মাতের পাত্র। যেটা আর্জেন্টিনার স্থানীয় চা নামে পরিচিত। ছিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

২০২৩ সাল থেকে মেসি খেলছেন ইন্টার মায়ামিতে। গত তিন বছরে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় একান্ত সময় কাটাতে অনেকবারই দেখা গেছে। তবে এবারের প্রেক্ষাপট যে একেবারে আলাদা। গত ৩১ আগস্ট সামাজিকমাধ্যমে এক খোলাচিঠিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আর্জেন্টিনাকে বিদায় বলার পর এবারই প্রথম এসেছেন জনসমক্ষে।

অবসরের ঘোষণা দিলেও মেসি কি অন্তত একবার আর্জেন্টিনার জার্সি পরবেন—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের। আগামী ফিফা আন্তর্জাতিক সূচিতে আলবিসেলেস্তেদের যেকোনো কোনো একটি ম্যাচেই তাঁকে দেখতে চান কোটি কোটি ফুটবলপ্রেমী। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে দেশের মাঠে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কমপক্ষে দুই-তিনটি ম্যাচ আয়োজন করতে চাইছে।

মেসির বিদায়ী ম্যাচের জন্য এএফএ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের পাশাপাশি কর্দোবা, রোসারিও—এই তিন শহরে ম্যাচ আয়োজনের ব্যাপারে কথাবার্তা চলছে। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।

আর্জেন্টিনা সব স্তরের ঘরোয়া ফুটবলের ম্যাচে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে। ১১ জনের ফুটবল, ফুটসাল এবং বিচ সকারসহ পরবর্তী রাউন্ডের সব পুরুষ ও নারী ফুটবল ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিট পেরোনোর পর ১ মিনিট বিরতি দেওয়া হবে। আন্তর্জাতিক ফুটবলে মেসির অবদানকে স্মরণ করতে সবাই ১ মিনিট করতালি দেবেন।

মাঠে খেলোয়াড়দের শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে নিয়ে বিভিন্ন গান ও স্লোগানের মাধ্যমে উদ্যোগটিকে সমর্থন করছেন অনেকেই। এটার প্রথম উদাহরণ দেখা গেছে কোপা আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালিতে আর্জেন্টাইন তারকাকে সম্মান জানিয়েছেন।

আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, সোমবার রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জয়ের পাশাপাশি ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন।