হোম > খেলা > ফুটবল

পিএসজির দ্বিতীয় নাকি আর্সেনালের প্রথম

ক্রীড়া ডেস্ক    

কারা জিতবে আজ। ছবি: সংগৃহীত

২২ বছরের অপেক্ষা শেষে প্রিমিয়ার লিগ ট্রফি ঘরে তুলেছে আর্সেনাল। এখন স্বপ্ন আরও বড়— চ্যাম্পিয়নস লিগের মুকুট মাথায় পরে ইউরোপ সেরার তালিকায় নাম লেখানো। সেই স্বপ্নের পথে শনিবার রাতে বুদাপেস্টে তাদের সামনে দাঁড়াবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের এবারের ফাইনাল।

মিকেল আর্তেতার কোচিংয়ে এই মৌসুমে আর্সেনাল যেন সত্যিকার অর্থেই নিজেদের খুঁজে পেয়েছে। তিনবার রানার্সআপের গেরো কাটিয়ে লিগ শিরোপা জেতার পর দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। চ্যাম্পিয়নস লিগেও তারাই এই আসরের সবচেয়ে ধারাবাহিক দল। প্রাথমিক পর্বে আট ম্যাচের প্রতিটিতেই জিতেছে— এই কীর্তি আর কোনো দলের নেই। ফাইনালের আগ পর্যন্ত ১৪ ম্যাচে মাত্র ছয়টি গোল হজম করেছে তারা, বিপরীতে নিজেরা করেছে ২৯টি। গোলরক্ষক দাভিদ রায়া ১৪ ম্যাচের মধ্যে নয়টিতেই জাল অক্ষত রেখেছেন।

রক্ষণে উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল মাগালায়েসের জুটি এই মৌসুমে বারবার প্রমাণ করেছে, তারা শুধু গোল আটকান না, সেট পিস থেকে গোলও করতে পারেন। মাঝমাঠে ডেকলান রাইস ও অধিনায়ক মার্টি ন ওডেগারের ওপরেই নির্ভর করবে দলের ছন্দ ও নিয়ন্ত্রণ। আর আক্রমণে চোট সারিয়ে ফিরে আসা বুকায়ো সাকা ও পাঁচ গোল করা সুইডিশ স্ট্রাইকার ভিক্তর গিয়োকেরেস মাঠে থাকলে যেকোনো রক্ষণকেই ভাবিয়ে তোলার ক্ষমতা রাখেন।

তবে প্রতিপক্ষ পিএসজিকে এতটা সহজেও নেওয়ার সুযোগ নেই। লুইস এনরিকের দলের ফুটবল দর্শনটাই হলো আক্রমণ, আবার আক্রমণ। দেম্বেলে, দুয়ে আর হাকিমিরা বল পায়ে পেলে প্রতিপক্ষের রক্ষণ সামলানো রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়ে। গত আসরের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার ইউরোপ সেরার ট্রফি ঘরে নিয়ে গিয়েছিল তারা।

এই মৌসুমেও তাদের ফর্ম ঈর্ষণীয়। লিগ ওয়ানে ৩৪ ম্যাচে ৭৪ গোল করে শিরোপা জিতেছে দলটি। চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও লিভারপুলকে পাত্তাই দেয়নি। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে গুঁড়িয়ে ফাইনালে উঠেছে নির্বিঘ্নেই।

আর্সেনালের শক্তি সম্পর্কে পিএসজি কোচ এনরিকে নিজেও বলেছেন, বল না থাকলে বিশ্বের সেরা দল তারা, আর বল পায়ে পেলে প্রচুর গোল করার সামর্থ্য রাখে। প্রশংসা করলেও নিজের দলের ওপর ভরসাটা তাঁর টলেনি।

একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।

সান মারিনোকে দেখাতে হবে কেন তারা সবার নিচে, বলছেন বাংলাদেশ কোচ

‘পুরোনোদের ওপর অতিনির্ভরতাই আর্জেন্টিনার সম্ভাবনা শেষ করতে পারে’

’৯৮ বিশ্বকাপের রোমারিওর মতো অবস্থা হবে নেইমারের?

ষষ্ঠ বিশ্বকাপে মেসির সামনে অপেক্ষা করছে যেসব রেকর্ড

ভক্তদের প্রতি বাংলাদেশ কোচ, ‘চলুন একসঙ্গে ইতিহাস গড়ি’

আর্জেন্টিনার ইতিহাসে প্রথম, বাবার পর ছেলেও বিশ্বকাপ দলে

মেসিসহ আর্জেন্টিনার দলে কাতার বিশ্বকাপজয়ী কজন আছেন

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, কাটল ৭ ম্যাচের জয়খরা

নেইমারকে নিয়ে চিন্তা বাড়ছেই, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে

ফাইনালে পিএসজিকে এগিয়ে রাখছে ৭ হাজার মিনিটের পার্থক্য