হোম > খেলা > ফুটবল

গুছিয়ে উঠতে আরও দু-এক দিন সময় লাগবে আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক    

এবার শিরোপা ধরে রাখার অভিযানে নামবে আর্জেন্টিনা। ছবি: এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলল বলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে প্রস্তুতিও সেরেছে দারুণভাবে। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার চাপ যে কেমন হয়, সেটা তো তারা বুঝতেই পারছে। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে যে ঝামেলায় তারা পড়েছে, তা ঠিক করতে এখনো দু-এক দিন সময় লাগবে।

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনা দল ছোটখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে আছেন গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা ও লেয়ান্দ্রো পারেদেস। যাঁদের মধ্যে মন্তিয়েল ও মলিনা দুজনই ভুগছেন পেশির সমস্যায়। আর লিওনার্দো বালের্দি বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর বিকল্প এখনো ঠিক করা হয়নি।

বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে যখন কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর কাছে বালের্দির বিকল্প খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করা হয়। উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি কি বলেছিলাম আগামীকাল? আরও এক দিন সময় লাগতে পারে। যেমনটা গতকাল বলেছিলাম, আমাদের একটা ধারণা আছে। কিন্তু আলোচনা করেছি। তাতে হয়তো আরও এক বা দুই দিন সময় লাগতে পারে।’

আগামীকাল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দির বিকল্প কে হতে পারেন, তা নিয়ে আরও কয়েক দিন আলাপ-আলোচনা চলবে। বিস্তারিত কিছু না বলে স্কালোনি শুধুই ইঙ্গিত দিয়েছেন যে, বালের্দির বিকল্প হিসেবে তাঁর (স্কালোনি) কাছে দুই ফুটবলার রয়েছেন। টিওয়াইসির প্রতিবেদন থেকে জানা গেছে, বিকল্পদের মধ্যে গুইদো রদ্রিগেস এগিয়ে আছেন।

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার তিন ফুটবলার গোল পেয়েছেন। ৮, ৭১ ও ৮৬ মিনিটে গোল করেছেন ভ্যালেন্তিন বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা। যার মধ্যে মেসি ৭০ মিনিটে মাঠে নামার ২ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেছেন। তবে নিকো পাজের খেলা স্কালোনির নজর কেড়েছে। শুরুর একাদশে থাকা পাজ খেলেছেন ৫৭ মিনিট। ৩-০ গোলে জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেন, ‘নিকোকে বেশ স্বচ্ছন্দে দেখেছি। আগেই দেখেছিলাম যে সে দলে ফিরে আসতে উদ্‌গ্রীব ছিল। আজ স্পষ্ট হয়েছে যে, সে খুব ভালো অবস্থায় আছে এবং কোমোর হয়ে যেভাবে প্রতিটি ম্যাচে খেলে, ঠিক সেভাবেই খেলেছে। আমরা খুব খুশি। কারণ, সে দারুণ একটি ম্যাচ খেলেছে। আজকের পরীক্ষাটা আমাকে সন্তুষ্ট করেছে এবং দলটির কী অভাব থাকতে পারে, সে সম্পর্কে সন্দেহ দূর হয়েছে।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

মাদক-কাণ্ডে গ্রেপ্তার হওয়া রেফারি থাকছেন ব্রাজিলের ম্যাচে

ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু দেখছে না মরক্কো

শেষ মুহূর্তে বিশ্বকাপ বর্জনের হুমকি ইরানের

উজবেকিস্তান-সেনেগালকে কুকুরের তল্লাশি দিয়ে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ইরানিদের ভিসা প্রত্যাখ্যানের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে মেসির হুংকার, ‘আমাদের হারানো অনেক কঠিন’

‘সবচেয়ে বড় স্বপ্ন ভেঙে গেল’, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে সোমালিয়ান রেফারি

বুলেটের ইতিহাস থেকে ফুটবল উৎসবের মঞ্চ

মেসিকে চমকে দিলেন আইসল্যান্ডের ফুটবলার