দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রটিকের পর অস্ট্রিয়ার জালে দুবার বল পাঠিয়েছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার অধিনায়কের এমন পারফরম্যান্সে মুগ্ধ ভক্তরা। ফুটবল দুনিয়ায় মেসিকে নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। তবে কিলিয়ান এমবাপ্পে জানালেন, এলএমটেন কী করছেন, সেদিকে একদমই নজর নেই তাঁর।
এবারের বিশ্বকাপে এমবাপ্পের সময়টাও দারুণ যাচ্ছে। প্রথম দুই ম্যাচেই জোড়া গোল করেছেন। সবশেষ গতকাল রাতে ইরাকের বিপক্ষে ফ্রান্সকে ৩-০ গোলের জয় এনে দিতেও দুবার গোলের খাতায় নাম লেখান। তাঁর এমন পারফরম্যান্সে নকআউটে পৌঁছে গেছে দুবারের চ্যাম্পিয়নরা। যদিও ব্যক্তিগত সাফল্য বা গোলের রেকর্ডের দিকে না তাকিয়ে এমবাপ্পের পুরো নজর এখন দলীয় সাফল্যের দিকে।
ইরাকের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘লিও (মেসি) সব সময়ই গোল করে। সে সব সময় করেছে এবং ভবিষ্যতেও করবে। আমি যদি সে কী করছে, সেদিকে মনোযোগ দিই, তাহলে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।’
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৮। জার্মানি কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন তিনি। মেসির এই অর্জন এমবাপ্পের মনোযোগে কোনো প্রভাব ফেলছে না। রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘সে (মেসি) কী করছে, আমি সেদিকে একদমই নজর দিই না। আমি শুধু আমার দলকে সাহায্য করার কথাই ভাবি।’
ইরাকের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ক্লোসার সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক তিনি। বিশ্বকাপে মেসির চেয়ে আর মাত্র দুই গোল পিছিয়ে আছেন সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন।
বিশ্বকাপে নিজের ফর্ম নিয়ে বেশ সন্তুষ্ট এমবাপ্পে। তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। সবাই জানে, একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমি রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সেরা মৌসুম কাটানোর চেষ্টা করেছি। জানুয়ারিতে গুরুতর চোটে পড়েছিলাম, কিন্তু পরে শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় ফিরে এসেছি, যাতে এখানে ভালো অবস্থায় আসতে পারি।’