লুকা মদরিচ গত মাসে গালে চোট পাওয়ার পর ক্রোয়েশিয়ার ভক্ত-সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পরে গিয়েছিল। কারণ, এই চোটের পর করাতে হয়েছিল অস্ত্রোপচারও। তাতে তাঁর বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যায়। তবে সব শঙ্কা কাটিয়ে তিনি উড়াল দিচ্ছেন মার্কিন মুলুকে।
মদরিচকে নিয়েই আজ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। আছেন তিন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি ও ইভোর পান্দুর। আছেন ৭ ডিফেন্ডার, ১০ মিডফিল্ডার ও ৬ ফরোয়ার্ড। ‘মিডফিল্ড জেনারেল’ নামে পরিচিত মদরিচের সঙ্গে মাঝমাঠে থাকছেন মাতেও কোভাচিচের মতো তারকা।
ইস্কো গাভারদিওল থাকবেন রক্ষণভাগের নেতৃত্বে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে যেভাবে ঘোল খাইয়েছিলেন, তা চোখে পড়ার মতো। ২০২৩ সাল থেকে ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলা গাভারদিওলকে টপকে কীভাবে গোল করবেন, বিশ্বকাপে দলগুলোর চিন্তাভাবনা থাকবে তেমনই। আক্রমণভাগে আছেন ইভান পেরিসিচের মতো তারকা। ডাচ ক্লাব পিএসভির জার্সিতে ২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৩ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে।
২০১৮ সালে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিতে উঠেছিল ক্রোয়াটরা। কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে সেমিতেই বিদায় নিয়েছিল ক্রোয়েশিয়া। সেবার মদরিচরা হয়েছিলেন তৃতীয়।
২০২৬ ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া পড়েছে ‘এল’ গ্রুপে। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রোয়াটরা বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২৪ ও ২৭ জুন পানামা ও ঘানার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। এই নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মদরিচ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর
ডিফেন্ডার: ইস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন আরলিচ, লুকা ভুশকোভিচ
মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ