আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। অন্যান্য ফুটবলপ্রেমীদের মতো আর্জেন্টাইন অধিনায়কের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকেও। আলজেরিয়া ম্যাচের পর মেসিকে নিয়ে রীতিমতো রসিকতায় মেতে উঠেছিলেন তিনি।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটাও হয়ে মনে রাখার মতো। ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী দল হলেও আর্জেন্টিনার সে ম্যাচে চোখ ছিল লুলার। জেনেভায় এক সংবাদ সম্মেলনে আলজেরিয়া ম্যাচে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে লুলা বলেন, ‘আমি ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য দলে ভেড়াব (হাসি)।’
আর্জেন্টিনা দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভিন্ন অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে কার্লো আনচেলত্তি দল। তবে ব্রাজিলের এমন শুরুতে মোটেও হতাশ নন লুলা। দলকে আগলে রাখতে গিয়ে স্পেনের ড্র’কে টেনে আনেন তিনি। নিজেদের ড্র প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট সংক্ষেপে বলেন, ‘স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আরও খারাপ।’
এদিকে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করার মাধ্যমে বিশ্বকাপে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। এটি তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। এটা তারকা ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ। দশ নম্বর জার্সিধারীর মতো ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।
বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ডালাসে ম্যাচটি হবে আগামী ২২ জুন। ২৮ জুন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।