হোম > খেলা > ফুটবল

কারা থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে

ক্রীড়া ডেস্ক    

রাতে চূড়ান্ত দল দেবেন আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সেখান থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আজ বাংলাদেশ সময় রাত ২টায় রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে দল ঘোষণা করবেন আনচেলত্তি।

হেক্সা মিশনকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরেই দল নিয়ে কাজ করছেন আনচেলত্তি ও তাঁর কোচিং স্টাফ। প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ৬ গোলরক্ষক ও ৪৯ জন আউটফিল্ড খেলোয়াড়কে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নেইমারের নাম। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিশ্বকাপের সম্ভাব্য দলে রাখায় তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সান্তোসে ফেরার পর ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন নেইমার। বিশ্বকাপের প্রাথমিক দলে তাঁর অন্তর্ভুক্তি ভক্তদের মাঝেও নতুন আশার জন্ম দিয়েছে।

গোলরক্ষকদের তালিকায় আছেন আলিসন বেকার, বেন্তো, এদেরসন, হুগো সুজা, জন ও ওয়েভারতন। অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আলিসন ও এদেরসনের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনাই বেশি। রক্ষণভাগে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ ফুটবলার। তালিকায় রয়েছেন মারকুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহেস, ব্রেমার, কার্লোস আগুস্তো, দানিলো, ডগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, লেও অর্টিজ ও লেও পেরেইরার মতো পরিচিত মুখ। এ ছাড়া কাইকি ব্রুনো, ভিতর রেইস ও ওয়েসলির মতো তরুণদেরও বিবেচনায় রেখেছেন আনচেলত্তি।

মিডফিল্ডে রয়েছে অভিজ্ঞতা ও শক্তির মিশ্রণ। কাসেমিরো, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস, ফাবিনিয়ো, গ্যাব্রিয়েল সারা, গেরসন, লুকাস পাকেতারা বিশ্বকাপে দলে জায়গা করে নেওয়ার লড়াই করবেন। আক্রমণভাগ তারকায় ঠাঁসা; নেইমার ছাড়াও আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিশন, মাথিয়াস কুনহা, অ্যান্তনি, গ্যাব্রিয়েল জেসুসদের মতো ফুটবলাররা। এ ছাড়া কাইও জর্জে, ইগর জেসুস, ইগর থিয়াগো, রায়ানের মতো তরুণ ফরোয়ার্ডরাও আছেন বিশ্বকাপের প্রাথমিক দলে।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই আনচেলত্তির সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারও শিরোপার লড়াইয়ে ফেরাতে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল গড়ার চেষ্টা করছেন তিনি। হেক্সার মিশনে কাদের নিয়ে উত্তর আমেরিকার বিমানে চড়েন আনচেলত্তি, সেটা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা ঘণ্টা।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের হট্টগোল

বিশ্বকাপের আগে প্রতিপক্ষকে মেসির ‘সতর্কবার্তা’

মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায় কলম্বিয়া

মোহামেডানের ৯০ বছর পূর্তি উদ্‌যাপনে বিশেষ পরিকল্পনা

কোলম্যানের নিয়োগ নিয়ে ধোঁয়াশা, বাংলাদেশের কোচ হবেন তো

তারকা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো