হোম > খেলা > ফুটবল

‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-ভারতের ফাইনাল আয়োজন করতে বললেন শ্রীলঙ্কা কোচ। ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ার পর রেফারি ও টুর্নামেন্ট আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ করেন, বাণিজ্যিক স্বার্থ বা পক্ষপাতিত্বের মাধ্যমে যদি টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতেই চাওয়া হয়, তবে অন্যান্য দলগুলোর সময় নষ্ট না করে সরাসরি ওই দুই দলকে ফাইনাল ম্যাচটি দিয়ে দেওয়া উচিত।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচে শ্রীলঙ্কা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পুরো সময় জুড়েই রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন আল মুতাইরি।

রেফারির ভুল সিদ্ধান্ত ও ভিএআর না থাকা প্রসঙ্গে কোচ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গ্রুপ পর্ব থেকেই যদি ভিএআর থাকত, আমি বিশ্বাস করি তাদের দ্বিতীয় গোলটা অফসাইড ছিল। আর আমাদেরও একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। ভুটানের বিপক্ষেই যদি এই সমস্ত ভুল হতে পারে, তবে স্বাগতিক দেশ বাংলাদেশের বিপক্ষে আমাদের সঙ্গে কী ঘটবে? এটাই সাফের কাছে আমার প্রশ্ন।’

টুর্নামেন্টের বাণিজ্যিক নীতি ও পক্ষপাতিত্বের দিকে ইঙ্গিত করে আল মুতাইরি আরও যোগ করেন, ‘যদি বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তবে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুই দলের মধ্যেই আয়োজন করুন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।’

ভিএআর চালুর খরচ নিয়ে আয়োজকদের একহাত নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘যদি আপনারা টাকা খরচ করতেই না পারেন, তবে টুর্নামেন্ট আয়োজন করেন কেন? অন্তত যদি বাইরে থেকে রেফারি আনেন, তবে ভিএআর রাখুন। শেষ সেমিফাইনাল আর ফাইনালে গিয়ে কেন ভিএআর চালু করেন?’

তবে এতকিছুর পরও আসন্ন বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো ভয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি কেবল আমার বাবাকে ভয় পেতাম... তাই আমি কাউকে বা কোনো কিছুকেই ভয় পাই না। ফুটবল মাঠে খেলা হবে ১১ জনের বিরুদ্ধে ১১ জন। আমি একটা কথা প্রতিশ্রুতি দিচ্ছি; শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি সাফ ইতিহাসের সেরা ম্যাচ হবে।’

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে চাকরি হারালেন মিসরের কোচ

মালদ্বীপকে হারিয়ে আট বছর পর সেমিফাইনালে পাকিস্তান

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

পর্তুগাল যা করেনি, রোনালদোকে নিয়ে সেটাই করল এই বিমান সংস্থা

৪০ বছরের ইতিহাসে এত বাজে অবস্থা আর কখনোই হয়নি

‘এই রিয়াল আসলেই অনেক শক্তিশালী, তারা দুর্দান্ত খেলছে’

রেফারির ওপর কেন খেপে গেলেন মেসি

এমন এক রেকর্ড মেসি গড়েছেন, যা আর কেউ করতে পারেননি