হোম > খেলা > ফুটবল

অতিরিক্ত চাপে ক্লান্ত মেসির পেশি

ক্রীড়া ডেস্ক    

বাঁ পায়ে চোট পেয়েছেন মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে বড় স্বস্তির খবর মিলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, তাঁর শারীরিক অস্বস্তি কোনো গুরুতর চোটের কারণে নয়। ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে তিনি যোগ দেবেন বলে আশা করছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার ফল প্রকাশ করে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, কেবল বাড়তি সতর্কমূলক ব্যবস্থা হিসেবে আর্জেন্টাইন অধিনায়ককে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

এক বিবৃতিতে মার্কিন ক্লাবটি ব্যাখ্যা করেছে, ‘গত সোমবার উন্নত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বাঁ পায়ের পেছনের পেশিতে অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি তৈরি হয়েছে।’ একই বিবৃতিতে তারা আরও জানায়, ‘মেসি কবে নাগাদ আবার পুরোদমে ফিরবেন, তা সম্পূর্ণ নির্ভর করবে তাঁর শারীরিক উন্নতি ও কার্যক্ষমতার ওপর।’

গত রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের ম্যাচটিতে মেসি অস্বস্তি বোধ করলে দানা বাঁধে শঙ্কা। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে বাঁ পায়ের পেশিতে ব্যথা অনুভব করায় মেসি নিজেই মাঠে ছাড়ার ইঙ্গিত দেন।

সোমবার এই রোসারিও তারকার স্বাস্থ্য পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে এই সমস্যা কোনো বড় আঘাত নয়। বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগে এই খবর পুরো আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

চলতি সপ্তাহে জাতীয় দলের একটি অংশ নিজেদের দেশের বুয়েনস এইরেসের অনুশীলন শুরু করবে। এরপর ৩১ মে (রোববার) তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটলে, নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মেসি ১ জুন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে ৬ জুন টেক্সাসের মাঠে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামার মাঠে দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

১১ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ঘাঁটি কোথায়, কী কী সুবিধা আছে সেখানে

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের কাছে উড়ে গেল মালদ্বীপ

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইয়ামাল, স্পেনের বিশ্বকাপ দলে আছেন কারা

যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন অ্যানফিল্ডে

সান মারিনোতে হামজা-জামালদের প্রত্যাশা অনেক বেশি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগে কোমো, আর কারা খেলবে এই টুর্নামেন্টে

১৬ কোটিতে বিক্রি রোনালদোর কার্ড, তবু শীর্ষে মেসি

সারা জীবনের চেয়ে বেশি কেঁদে লিভারপুল ছাড়লেন সালাহ

৩২ মাস পর ফিরলেন জিকো, নেই রাকিব

মেসির চোটের কী খবর