১৬ বছর পর স্পেন ফুটবল বিশ্বকাপ জিতেছে লুইস দে লা ফুয়েন্তের অধীনে। গত ১৯ জুলাই নিউজার্সিতে ফুয়েন্তের স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জেতে দ্বিতীয় বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হওয়ার দুই মাস পর পুরস্কার পেলেন তিনি। বিশ্বকাপজয়ী কোচের মেয়াদ বাড়াল স্পেন।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সঙ্গে ফুয়েন্তের আগের চুক্তি ছিল ২০২৮ পর্যন্ত। এবার সেটা আরও চার বছর বাড়ানো হয়েছে। আজ আরএফইএফ নিশ্চিত করেছে, ২০৩২ পর্যন্ত স্পেনের সঙ্গে থাকছেন তিনি। এক সভায় ফেডারেশনের পরিচালনা পর্ষদ ফুয়েন্তের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।
২০২২ বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নেয় স্পেন। ব্যর্থতার দায়ে তখন প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন লুইস এনরিকে। তাঁর যেখানে শেষ, সেখানেই শুরু ফুয়েন্তের। ২০২৩ উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো, ২০২৬ ফুটবল বিশ্বকাপ—তিনটি শিরোপা স্পেন জেতে তাঁর অধীনে।
আগের চুক্তি অনুযায়ী ২০২৮ ইউরোর পরপরই লা ফুয়েন্তের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এবার তাঁর মেয়াদ বেড়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপে স্পেনের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলকে নেতৃত্ব দেবেন। আগামী বিশ্বকাপ স্পেন, মরক্কো ও পর্তুগাল যৌথভাবে আয়োজন করবে। এরপর ২০৩২ ইউরোতেও স্পেনের কোচের দায়িত্বে থাকছেন। ইতালি-তুরস্কে হবে এই টুর্নামেন্ট।
জাতীয় দলের কোচ হওয়ার আগে স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলেরও কোচ ছিলেন ফুয়েন্তে। ২০১৫ অনূর্ধ্ব-১৯ ইউরো, ২০১৯ অনূর্ধ্ব-২১ ইউরো এবং ২০২০ অলিম্পিকে স্পেন অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিকে রৌপ্যপদক জেতে স্পেন। জুলাইয়ে নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর এই সপ্তাহে প্রথমবার মাঠে ফিরছে স্পেন। ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে নেশনস লিগে মুখোমুখি হবে স্পেন-ইংল্যান্ড।