হোম > খেলা > ফুটবল

‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়’

ক্রীড়া ডেস্ক    

শেষ ষোলোতে আর্জেন্টিনা আজ খেলবে মিসরের বিপক্ষে। ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পথচলা কি এখানেই শেষ, নাকি আরও সামনে এগোবে—সেটার উত্তর তো মিলবেই। তবে নামে-ভারে আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকা মিসর একরকম হুংকারই ছুড়ল লিওনেল মেসিদের উদ্দেশে।

কেন মেসি আর্জেন্টিনা দলের ‘প্রাণভোমরা’, সেটার প্রমাণ নিয়মিত দিচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দলের ১১ গোলের ৭টিই করেছেন তিনি। ৩৯ বছর হলেও বয়স কেবল তাঁর কাছে স্রেফ এক সংখ্যা। প্রতিনিয়ত ভেঙেচুরে দিচ্ছেন একের পর এক রেকর্ড। আর্জেন্টিনার সবকিছু আবর্তিত হয় তাঁকে ঘিরেই। তবে আর্জেন্টিনা ম্যাচের আগে ১৮ বছর বয়সী মিসরের ফরোয়ার্ড হামজা আবদেল করিমের এক কথা দ্রুতই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। আবদেল করিম বলেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়।’

মিসরের বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এবারই নাম লিখিয়েছেন আবদেল করিম। শুরুর একাদশে জায়গা না হলেও বিশ্বকাপ তো বিশ্বকাপ। বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে নেমেই ইতিহাসের অংশ হয়ে গেলেন আবদেল করিম। কদিন আগে তিনি যোগ দিয়েছেন বার্সেলোনায়। যে বার্সায় এক সময় খেলতেন মেসি। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে কাতালান ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।

আটলান্টায় আজ আর্জেন্টিনা ম্যাচের আগে আবদেল করিম হয়তো মেসি সম্পর্কে অনেক কিছু জেনেছেন। তবে আর্জেন্টাইন অধিনায়কের মুখোমুখি হওয়ার চাপ অনুভব করছেন না আবদেল করিম। মিসরের ফরোয়ার্ড আর্জেন্টিনাকে পূর্ণ একটি দল হিসেবেই দেখছেন। এমনকি তিনি বাইরের আলোচনা নিয়ে খুব একটা চিন্তিত নন। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন মাঠে নামি, তখন আমি সেটাই করি, যা আমাকে আনন্দ দেয়। তাই মাঠের বাইরে কে কী বলল বা করল, তা নিয়ে ভাবি না। পুরো মনোযোগ থাকে মাঠের খেলায়।’

মিসরের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে কোনো গোলই করতে পারেননি। এই ছয় ম্যাচের চারটিই এবারের বিশ্বকাপে। আর আন্তর্জাতিক ফুটবলে ছয় ম্যাচের ছয়টিতেই তিনি খেলেছেন বদলি হিসেবে। আজ শুরুর একাদশে জায়গা পাবেন কি না বা সুযোগ পেলেও কি কোনো চমক দেখাতে পারবেন—সব প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণের মধ্যেই।

শেষভাগে চলে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফ্রান্স-মরক্কো, স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের এই তিন ম্যাচের লাইনআপ ঠিক হয়ে গেছে। এখন শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে, সেটার ফয়সালা হবে আজ রাতে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। ভ্যাঙ্কুভারে রাত ২টায় মাঠে গড়াবে এই ম্যাচ। এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ড-কলম্বিয়া এখন পর্যন্ত অপরাজিত।

রোনালদোদের হারিয়ে বাবার উদযাপনে ছেলেকে উপহার

আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন, দেখে নিন কারা আছেন

নারী আয়োজকের মাইক্রোফোনে ঘোষণার পর কী করলেন আর্জেন্টিনার কোচ

কোয়ার্টার ফাইনালে উঠতে বাকি কোন দুই দল

ট্রাম্প-ফিফাকে বেলজিয়ামের খোঁচা, ফুটবলারদের ‘ট্রাম্প-নৃত্য’ ভাইরাল

কোথায় ভুল করেছে ব্রাজিল

মরক্কো ম্যাচের আগে ফিফার কাছে ফ্রান্সের আবেদন

ব্রাজিলের দুর্দশা মনে করিয়ে আর্জেন্টিনাকে সতর্ক করলেন পারেদেস

‘জঘন্য নারী’, বর্ণবাদী মন্তব্য করা প্যারাগুয়ের সিনেটরকে এমবাপ্পে

খেলা চালিয়ে যেতে নেইমারকে বাবার খোলাচিঠি