হোম > খেলা > ক্রিকেট

শেবাগকে এবার পাল্টা জবাব দিলেন ভারতীয় তারকা

ক্রীড়া ডেস্ক    

বীরেন্দ্র শেবাগকে পাল্টা জবাব দিলেন রিংকু সিং। ছবি: সংগৃহীত

গুজরাট টাইটান্সের পেসার যশ দয়ালকে বলটা মাত্র তুলে মেরেছেন রিংকু সিং। বলটা ছক্কা হওয়ার আগেই তাঁর উদযাপন শুরু। কারণ, তিনি যে জানতেন সেটা ছক্কা হবেই। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে ২০২৩ আইপিএলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সেই নাটকীয় জয়ের বর্ণনা দেওয়া হয়েছে। সে সময় বীরেন্দ্র শেবাগ যে মন্তব্য করেছিলেন, এবার সেটার জবাব দিলেন রিংকু।

২০২৩ আইপিএলে পাঁচ ছক্কায় কলকাতার নাটকীয় জয়ে রিংকু-বন্দনা শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বে। ক্রিকবাজে তখন বীরেন্দ্র শেবাগ বলেছিলেন, ‘ক্রিকেটের ইতিহাসে এমনটা আগে কখনো ঘটেনি। রিংকু সিং আর কখনো এটা করতে পারবে না।’ রিংকু আর কখনোই টানা পাঁচ ছক্কা মারতে পারেননি ঠিকই। তবে লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্পিনার দিগবেশ রাঠিকে টানা চার ছক্কা মারেন রিংকু।

রিংকুর সেই চার ছক্কা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ে অবদান রাখে। সুপার ওভারে রোমাঞ্চকর জয়ের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কলকাতার এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘যদি পাঁচ ছক্কা কেউ মেরে থাকে, তাহলে বিশ্বে আরও অনেক কিছু হতে পারে। আমি স্যারের (বীরেন্দ্র শেবাগ) মন্তব্য দেখেছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে।’

আইপিএলে গত রাতের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা হয়ে ওঠে রিংকুময়। টস হেরে আগে ব্যাটিং পাওয়া কলকাতার স্কোর যখন ৬.১ ওভারে ৪ উইকেটে ৩১ রান, তখন ব্যাটিংয়ে নামেন রিংকু। ছয় নম্বরে নেমে ৫১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। যেখানে ১৫০ পেরোনোই কলকাতার জন্য অসম্ভব হয়ে উঠেছিল, তাঁর বিস্ফোরক ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে কলকাতা।

ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও গত রাতে রিংকু ছিলেন অনবদ্য। চারটি ক্যাচ ধরেছেন তিনি। ব্যাটিং-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে নামটা রিংকু সংকটমোচন রাখা যায় কি না। উত্তরে তিনি বলেন, ‘রিঙ্কুই ঠিক আছে। যখন ব্যাটিংয়ে নামি, তখন ৪ উইকেট পড়ে গিয়েছিল। কীভাবে খেলাটা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব, সেটাই ভাবছিলাম। যেহেতু আমরা ৪ উইকেট হারিয়েছিলাম, স্কোরবোর্ড সচল রাখার কথাও ভাবছিলাম। বাজে বলগুলোকে পিটিয়েছিলাম।’

যেখানেই বল, সেখানেই রিংকু—গত রাতে ব্যাপারটা যেন হয়ে গিয়েছিল এমনই। লং অন, লং অফ, ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ—সীমানার ধারে ক্যাচগুলো ধরেছেন তিনি। মূল ম্যাচে চার ক্যাচ ধরার পাশাপাশি সুপার ওপারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটার এইডেন মার্করামের ক্যাচও ধরেন রিংকু। সুনীল নারাইনের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্ণৌ গুটিয়ে যায় ১ রানে। লক্ষ্ণৌ পেসার প্রিন্স যাদবকে কাভার দিয়ে চার মেরে শেষ আচড়ও দেন রিংকু। ফিল্ডিং নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিংকু বলেন, ‘আমি ফিট ক্রিকেটার। ছোটবেলা থেকেই ফিল্ডিং পছন্দ করি।’

সুপার ওভারে জিতে পয়েন্ট টেবিলের আটে এখন কলকাতা নাইট রাইডার্স। আট ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। হেরেছে ৫ ম্যাচ ও বৃষ্টিতে এক ম্যাচ ভেসে গেছে। সবার ওপরে থাকা পাঞ্জাব কিংস ৭ ম্যাচে পেয়েছে ১৩ পয়েন্ট। টুর্নামেন্টে একটা ম্যাচও তারা হারেনি। আর কলকাতার কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে কেবল ৪ পয়েন্ট লক্ষ্ণৌর। যেখানে টানা পাঁচ ম্যাচ হেরেছে দলটি।

কেন বাংলাদেশ-ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক

কোহলিদের স্টেডিয়ামে ‘নাশকতা’র অভিযোগে গ্রেপ্তার দুই

নিউজিল্যান্ড ম্যাচে চমক রিপন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ব্যাট ছুড়ে মারলেন কলকাতার ক্রিকেটার, মেজাজ হারালেন কোচও

৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের

পাকিস্তান সিরিজে বাংলাদেশের দুই চমক

আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় এখনো বুলবুল

হাম প্রতিরোধের বার্তা দিলেন সাকিব-রিশাদরা

‘মোস্তাফিজ তো মোস্তাফিজই, তার অভাব পূরণ করা কঠিন’