বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্বে আর দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক ব্যাটারের এই সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়ান গেমসে অংশ নিতে বর্তমানে জাপানে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে আগামী ১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে মাঠে নামবে তারা। এমন একটা টুর্নামেন্টের আগে জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
আজকের পত্রিকাকে বাবু বলেন, ‘হ্যাঁ, এটা (জ্যোতির টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা) সঠিক। বিসিবি সভাপতিকে এরই মধ্যে সে মেইল করেছে, আমাকেও পাঠিয়েছে। মেইলে বলা আছে যে, সে এশিয়ান গেমসের পরে আর টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছে না।’
জ্যোতির সিদ্ধান্তের প্রতি হতাশা প্রকাশ করে বাবু আরও বলেন, ‘এটা (এশিয়ান গেমস) একটা বড় টুর্নামেন্ট। এশিয়াতে এটার অনেক গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এমন সিদ্ধান্ত না নিলেও পারতো। টুর্নামেন্ট শেষে এটা নিয়ে আলাপ করা যেতো। কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কথা বলা যেতো। এই মুহূর্তে আমরা এমন কিছু আশা করিনি।’
২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান জ্যোতি। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সে বিশ্বকাপে দারুণ নেতৃত্বের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন জ্যোতি। ৪ ইনিংসে ১০৪ রানের পাশাপাশি গ্লাভস হাতে সাতটি ডিসমিসাল ছিল তাঁর নামের পাশে।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোতির নেতৃত্বে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দাপট দেখিয়ে সরাসরি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেও পরের অধ্যায়টা ছিল হতাশাজনক। ৫ ম্যাচে মাত্র দুটি জয়ে টুর্নামেন্ট শেষ করে তারা। এশিয়া কাপেও প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার আগে জিততে পেরেছিল দুটি ম্যাচ। বোলাররা দাপট দেখালেও ব্যাটারদের ব্যর্থতায় সবশেষ এশিয়া কাপটা তাই হতাশার গল্প হয়েই থেকেছে দলটির জন্য।
এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এ ছাড়া স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশিত সাফল্য পায়নি। দলের এমন পারফরম্যান্সে বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন জ্যোতি। সমালোচনার মাঝেই এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার। জ্যোতি সরে দাঁড়ানোয় এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব চালিয়ে যাবেন জ্যোতি। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘সে ওয়ানডেতে চালিয়ে (অধিনায়কত্ব) যাবে।’