আন্তর্জাতিক ক্রিকেটে কেবল তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নিখিল চৌধুরী। সেই তিনটাই খেলেছেন এ বছরের জুন মাসে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে। অস্ট্রেলিয়া এরপর লাগাতার ম্যাচ খেললেও সুযোগ মেলেনি তাঁর। অবশেষে ডাক পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে এবার অস্ট্রেলিয়া আতিথেয়তা দেবে ইংল্যান্ডকে। সীমিত ওভারের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আজ মিচেল মার্শকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মার্শ দুই সংস্করণেই নেতৃত্ব দিলেও নিখিল শুধু খেলবেন টি-টোয়েন্টিতে। তাঁর মতো শুধুই টি-টোয়েন্টি খেলবেন মিচেল ওয়েন, টিম ডেভিড, জোয়েল ডেভিস, লাচলান শ ও স্যাম হারপার। যাঁদের মধ্যে হারপার, শ প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে বাদ পড়া অলরাউন্ডার লিয়াম স্কট আবারও দলে ফিরেছেন। দলে ফিরেছেন ওয়েন, জেক ফ্রেজার ম্যাগার্কও। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টেস্টের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মার্শের মতো জ্যাভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, জ্যাক এডওয়ার্স, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা ইংল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের দলেই আছেন। যাঁদের মধ্যে বিয়ার্ডম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেবল এক ম্যাচ খেলেছেন। সেই ম্যাচটি এ বছরের ২৯ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড সিরিজ দিয়ে তাঁর ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে।
অবাক করার মতো বিষয় হলো, গত সপ্তাহে তাসমানিয়ার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ফেরার পরও ওয়ানডে দলে জায়গা হয়নি টিম ডেভিডের। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ফিনিশার হিসেবে খেলার লক্ষ্যে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরেছিলেন। তবে টি-টোয়েন্টি দলে ঠিকই জায়গা ধরে রেখেছেন তিনি।
১৩ থেকে ১৮ নভেম্বর হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের তিন ওয়ানডে। প্রথম ওয়ানডের ভেন্যু পার্থ। দ্বিতীয়, তৃতীয় ওয়ানডে হবে অ্যাডিলেড ও হোবার্টে। এরপর ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিখিল জুনে বাংলাদেশ সিরিজে খেলার পর অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেটে ১১ ম্যাচ খেলেছে। যার মধ্যে সবশেষ অজিরা খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দল
মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি,জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, ওলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের দল
মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেনসার জনসন, মিচেল ওয়েন, লাচলান শ, অ্যাডাম জাম্পা