তৃতীয় দিন শেষে হার চোখ রাঙাচ্ছিল। নাটকীয় কিছু না করায় হার ঠেকাতে পারল না অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে দাপট দেখিয়েই তাদের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হারের পর সফরকারীদের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করতে কার্পণ্য করলেন না অজিদের অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানে থামে বাংলাদেশ। ২২৮ রানে পিছিয়ে থাকা স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৫৭ রানের। তানজিদ হাসান তামিমকে হারিয়ে জয় তুলে নেয় অতিথিরা।
ম্যাচ হারের পর কামিন্স বলেন, ‘হ্যাঁ, তারা (বাংলাদেশ) ভালো খেলেছে। সত্যি বলতে, সব বিভাগেই তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমার মনে হয়েছে, তারা খুব ধৈর্যশীল এবং বেশ নিয়ন্ত্রিত ছিল। আর আমরা একবার পিছিয়ে পড়ার পর সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে গিয়েছিল।’
প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকেই হারের প্রধান কারণ হিসেবে দেখছেন কামিন্স, ‘সম্ভবত প্রথম দিনেই (হারের শুরুটা)। আমাদের প্রস্তুতি বেশ ভালোই ছিল বলে মনে হয়েছে। সত্যি বলতে, প্রস্তুতি ছিল দুর্দান্ত। তাই কোনো অজুহাত নেই। বাংলাদেশ খুব ভালো খেলেছে। প্রথম দিনের উইকেটে শুরুতে কিছুটা সহায়তা ছিল বলে মনে হয়েছে। তবে আমাদের এমন একটা উপায় বের করতে হতো, যাতে আরও কিছুক্ষণ ব্যাটিং করতে পারি। এরপর বল হাতে আমরা তাদের চাপে ফেলতেও পারিনি। তবে আমার মনে হয়েছে, তারা সত্যিই খুব ভালো খেলেছে।’
হেরে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়ার সামনে এবার ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। আগামী ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। সে ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কামিন্স। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচের পরই পরের ম্যাচের জন্য আপনি সাধারণত নিজেদের ম্যাচ-আপ এবং দলের গঠন নিয়ে ভাবেন। তবে ম্যাচটা মাত্রই শেষ হলো, তাই এ নিয়ে আমরা ভাবার সুযোগ পাব। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা বেশ ভালো। তাই ব্যাটাররা এবং দলের প্রতিটি বিভাগ একসঙ্গে বসে এই ম্যাচ নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করবে এবং কোথায় উন্নতি করা যায়, তা খুঁজে বের করবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’