হোম > খেলা > ক্রিকেট

‘সাবেক ক্রিকেটার যেন আর বোর্ড সভাপতি না হয়, সব দেখা শেষ’

ক্রীড়া ডেস্ক    

তাপস বৈশ্য। ছবি: ফেসবুক

সাবেক অধিনায়কদের সম্মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য। বিসিবির এই পদক্ষেপকে সাধারণ ক্রিকেটারদের প্রতি চরম বৈষম্যমূলক ও অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করে দেশের সাবেক এই গতি তারকা।

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সমালোচনা করে তাপস লিখেছেন, “এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স থাকত, আর জাতীয় দলের অন্য সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি!! আর এখন তো কার্ড!!” তিনি দাবি করেন, এই প্রথা অধিনায়ক ও অন্য ক্রিকেটারদের মধ্যকার বিভেদকে আরও উসকে দিচ্ছে।

সাবেক এই ডানহাতি বোলারের মতে, ক্রিকেটে অধিনায়কদের রাজা আর বাকিদের প্রজা ভাবার সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। তিনি প্রশ্ন তুলে বলেন, "অধিনায়ক হলেই তুমি ‘চৌধুরী’ আর অন্য সতীর্থরা? খেলা তো সকলেই মিলে— ১১ বা ১৪ জন খেলেছে। খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়।"

দেশের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে তিনি যোগ করেন,'রফিক ভাইয়ের মতো জনপ্রিয় কয়জন খেলোয়াড় বা অধিনায়ক আছেন? রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে— এটা হতে পারে না।'

কেবল বসার আসনই নয়, স্বাস্থ্যবিমার মতো জরুরি সুবিধাগুলো কেন শুধু অধিনায়কদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাপস। বিসিবির এই বৈষম্যমূলক আচরণের কারণে তিনি সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে পরিচয় দিতেও এখন লজ্জা বোধ করছেন বলে জানান। যারা এই সুবিধা পেয়েছেন, তাদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বলেন, “যারা কার্ড পেয়েছে তারা প্রতিবাদ করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার ‘চৌধুরী’ হয়েছে।”

বোর্ড প্রশাসনে সাবেক ক্রিকেটারদের নেতৃত্ব নিয়েও নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাপস। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উপসংহার টেনে তিনি লিখেছেন,'আমি চাই আর যেন কখনও কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।'

উল্লেখ্য, সম্প্রতি বর্তমান ও সাবেক অধিনায়কদের সম্মানিত করতে ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রবর্তন করেছে বিসিবি। এই কার্ডের মাধ্যমে স্টেডিয়ামে ভিভিআইপি সুবিধা, স্বাস্থ্যবিমার মতো সুযোগ রাখা হয়েছে।

বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

মধ্যাঞ্চলকে ইনিংস হারের লজ্জা দিলেন মুশফিক-অমিতরা

যেখানে সাকিব-তামিমদের পেছনে ফেলে সবার ওপরে হৃদয়

বাংলাদেশের কাছে হেরে শিক্ষা হয়েছে নিউজিল্যান্ডের

ওয়াসিম আকরাম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ, সামনে স্টার্ক

নাহিদ রানার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি মিরাজের

মোস্তাফিজ-রানাকে পাকিস্তানে পাঠাচ্ছে না বিসিবি

শান্তর পর ফিজ ঝলকে সিরিজ বাংলাদেশের

রানার পর এবার নিউজিল্যান্ডকে ধাক্কা দিলেন মিরাজ

মাঠে দর্শকখরা, টি-টোয়েন্টিতে টিকিটের দাম কমাল বিসিবি