হোম > খেলা > ক্রিকেট

ক্যারিবিয়ান লিগে রঙিন মিরাজ

ক্রীড়া ডেস্ক    

উইকেট পাওয়ার পর ইমরান তাহিরের সঙ্গে মিরাজের উদযাপন। ছবি: সংগৃহীত

সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। সে ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বোলিং অলরাউন্ডার।

নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে আরও দুর্দান্ত মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান খরচায় ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের সাবেক টেস্ট দলপতি। তাঁর এমন বোলিংয়ের দিনে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে গায়ানা। দল জিতিয়ে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিরাজ।

নাইট রাইডার্সের ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন মিরাজ। সে ওভারে কলিন মুনরো ও নিকোলাস পুরানকে ফেরান। এ ছাড়া সুনিল নারিন ও জেড গোলিকেও আউট করেন মিরাজ। গায়ানার হয়ে ২ উইকেট নেন শামার জোসেফ।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে নাইট রাইডার্স। রান তাড়ায় ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে গায়ানা। দুর্দান্ত বোলিং করলেও ব্যাটিংয়ে হতাশ করেছেন মিরাজ। ১৪ বলে মাত্র ২ রান করে ফেরেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটি দারুণ মুহূর্ত। আমি প্রথমবারের মতো সিপিএল খেলছি এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছি। ম্যাচটি আমি দারুণ উপভোগ করেছি।’

নিজের বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘আমি সঠিক জায়গায় বল করার এবং উইকেট নেওয়ার চেষ্টা করেছি। আমি জানতাম উইকেট কিছুটা টার্নিং ছিল এবং এটা স্পিনারদের সাহায্য করবে। (গায়ানায় খেলার অভিজ্ঞতা) এটি আমার জন্য সত্যিই দারুণ একটি মুহূর্ত। তারা খুবই ভালো; বিশেষ করে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।’