হোম > খেলা > ক্রিকেট

ভারত-আফগানিস্তান ম্যাচ নিয়ে তাহলে শঙ্কাটা কীসের

ক্রীড়া ডেস্ক    

দিল্লিতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা পরশু। তবে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। ছবি: ক্রিকইনফো

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পরশু শুরু হবে ভারত-আফগানিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ভারতের এই রাজধানী শহরেই ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে ব্রিকস সম্মেলন। এ কারণেই অন্তত প্রথম ম্যাচ এক দিন পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। দিল্লি জেলা ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) জানিয়েছে, ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী রোববারই হবে। যদিও সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সূচি পরিবর্তনের সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি রাজধানীতে ব্রিকস সম্মেলনকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগের মুখে পড়েছিল। এ কারণে দিল্লি পুলিশ ম্যাচটির সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছিল। দিল্লি পুলিশের ট্রাফিক বিভাগের সেন্ট্রাল রেঞ্জের ডেপুটি কমিশনার ডিডিসিএর সচিবকে দেওয়া এক চিঠিতে উল্লেখ করেন, ‘সম্মেলন উপলক্ষে বিদেশি প্রতিনিধিদের এবং তাদের সঙ্গে থাকা যানবাহনের নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ভিভিআইপি-ভিআইপি রুট নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে পরিবর্তন (ডাইভারশন), রুট পরিষ্কার রাখা এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনসহ ব্যাপক ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োজন।’

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টির কারণে দুই দলের ক্রিকেটার-কোচিং স্টাফরা টিম বাসে আসবেন বলে রাস্তায় যানজটের আশঙ্কা করছে দিল্লি পুলিশ। ডিডিসিএ সচিবকে পাঠানো দিল্লি পুলিশের চিঠিতে বলা হয়েছে, ‘১৩ সেপ্টেম্বর ম্যাচে প্রায় ২৫০০০ থেকে ৩৫০০০ দর্শক আসবেন বলে ধারণা করা হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়াম, দীনদয়াল উপাধ্যায় মার্গ , বিএসজেড মার্গ , মিন্টো রোড, কমলা মার্কেট এবং আশপাশের সড়কগুলোতে এমনিতেই যানবাহন ও পথচারীদের চলাচল থাকে বেশি। ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহন ও বিএসজেড মার্গ, মাতা সুন্দরী কলেজ, রাজঘাট ও বাল ভবনের আশপাশে পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

নির্ধারিত তারিখে ভারত-আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে দিল্লি পুলিশের সঙ্গে গতকাল সন্ধ্যায় বৈঠকে বসে ডিডিসিএ। বৈঠক শেষে ডিডিসিএ জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর ম্যাচটি হবে। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এখনো কিছু জানায়নি। ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে সিরিজের অপর দুই টি-টোয়েন্টি।