হোম > খেলা > ক্রিকেট

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

ক্রীড়া ডেস্ক    

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।

হঠাৎ বদলে যাওয়া জিম্বাবুয়ে এবার আইসিসি টুর্নামেন্টে খেলতে এসেছে চার বছর পর। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-বধ করা জিম্বাবুয়ে এরপর টানা তিনটি আইসিসি ইভেন্ট মিস করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বের বাধা উতরাতে পারেনি। তাতে করে খেলা হয়নি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আর উগান্ডার কাছে বাছাইপর্বে হেরে যাওয়ায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান, আয়ারল্যান্ডের গ্রুপে পড়েছিল জিম্বাবুয়ে। যে দলটির গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল বেশি, তারা ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট কেটেছে।

এবারের বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবুয়ে যে এক নম্বর গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, সেটা ঠিক হয়ে গেছে দুই দিন আগেই। পাল্লেকেলেতে গতকাল শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচের ফল সুপার এইটের সূচিতে কোনো পরিবর্তন ঘটাতে পারত না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৭৮ রান তুলে জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। যে শ্রীলঙ্কা কদিন আগে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করে দাপটের সঙ্গে জিতেছে, তাদের কাছে জিম্বাবুয়েকে হারানো কঠিন কিছু তো নয়। কিন্তু যে দলের রাজার মতো যোদ্ধা থাকেন, তাঁদের সম্পর্কে আগেভাগে অনুমান করা কঠিনই। তাঁর ২৬ বলে ৪৫ রানের ইনিংসে জিম্বাবুয়ে পেয়েছে ৬ উইকেটের জয়। ২ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি।

শ্রীলঙ্কার দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে নেমে রানরেটের তালে তালেই খেলতে থাকে জিম্বাবুয়ে। ব্যাটিং বা বোলিং কোনো সময়ই রাজার দলকে চিন্তিত মনে হয়নি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওঠার নেপথ্যের নায়ক রাজার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। সুপার এইটের তিন দলকে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। যা হওয়ার হবে। তিন ম্যাচের মধ্যে যদি দুটো জিততে পারি, তাহলে কী ঘটবে কে বলতে পারেন। সবাই তো আন্ডারডগের গল্পই ভালোবাসে।’

ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকার চেয়ে কাগজে-কলমে পিছিয়ে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ, ভারত দুইবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকা সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ। তবে এবারের বিশ্বকাপের জিম্বাবুয়ে যে অন্য ধাতুতে গড়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। দলটির ওপেনার ব্রায়ান বেনেট ১৭৫ রান করে এবারের বিশ্বকাপে ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। ১২৫ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই হলেও পরিস্থিতি অনুযায়ী তাঁর ব্যাটিং কার্যকরী। ১২ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ব্রেন্ডন টেলর এক ম্যাচ খেলে ছিটকে গেলেও তাঁর অভাব যে জিম্বাবুয়ের অনুভবই হচ্ছে না।

গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে মাঠে নামতে পেরেছে জিম্বাবুয়ে। পাল্লেকেলেতে ১৭ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। এ ম্যাচটা হলে পূর্ণ ৮ পয়েন্ট নিয়েই হয়তো সুপার এইটে উঠত। সেই ম্যাচ যখন পরিত্যক্ত হওয়া একরকম নিশ্চিত, তখন গ্যালারিতে জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এই ম্যাচ পরিত্যক্ত হওয়াতেই মূলত সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়ে যে তিন ম্যাচ খেলেছে, তার দুটিতে ম্যাচসেরা হয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ১৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট। জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, তখন গ্যালারি থেকে রাজা-মুজারাবানিদের উৎসাহ দিচ্ছিলেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা।

সুপার এইটে যে গ্রুপে জিম্বাবুয়ে পড়েছে, সেটা সত্যিকার অর্থেই ‘গ্রুপ অব ডেথ’। টুর্নামেন্টের আয়োজক ভারত প্রত্যেক ম্যাচই জিতেছে দাপটের সঙ্গে। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস পরীক্ষায় ফেললেও সূর্যকুমার যাদব, শিবম দুবের মতো মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় উতড়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ পর্বে শুধু আফগানিস্তানই পরীক্ষায় ফেলতে পেরেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডাবল সুপারের ম্যাচটি জিতেছে প্রোটিয়ারা। আর ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ইতালি, স্কটল্যান্ড, নেপাল—প্রত্যেক দলের বিপক্ষেই উড়ন্ত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারত দুর্দান্ত খেললেও দলটির ওপেনার অভিষেক শর্মার তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়া চিন্তার বিষয়। যে অভিষেকের কাছ থেকে ঝড় দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়ে যাচ্ছেন। তাঁর অফফর্ম পুষিয়ে দিচ্ছেন ঈশান কিষাণ। ৪ ম্যাচে ২০২.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। দুটি ফিফটি করেছেন। ধুঁকতে থাকা অভিষেকের অভাব কিষাণ, সূর্যকুমাররা যে প্রত্যেক ম্যাচে ঘুচিয়ে দেবেন, তার কি কোনো নিশ্চয়তা আছে! ২০ ওভারের ম্যাচে একটু এদিক সেদিক হলেই বল দলগুলো হেরে যায়।

সুপার এইটে দুই নম্বর গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। কাগজে-কলমে এই গ্রুপটা তুলনামূলক শক্তিশালী হলেও জিম্বাবুয়ের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘এ’ গ্রুপটাকে ‘মৃত্যুকূপ’ বলা যেতেই পারে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনালে। দুই সেমিফাইনালজয়ী দল ৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

সুপার এইটেই বাদ পড়বে ভারত, মনে করেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি