আন্তর্জাতিক ক্রিকেটে একসময় স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ছিলেন সতীর্থ। সময়ের পরিক্রমায় এখন মিতালি ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তাঁর সাবেক সতীর্থ স্মৃতি ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফুলঝুড়ি। এবার সেই মিতালিকে টপকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা হয়ে গেল স্মৃতির।
দুবাইয়ে গত রাতে হংকংয়ের বিপক্ষে ৬৪ বলে ১২৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন স্মৃতি। ১৪ চার ও ৭ ছক্কা মেরেছেন। তিন সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১০৮৮০ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। তাতে পেছনে পড়ে গেলেন মিতালি। ১৯৯৯ থেকে ২০২২ পর্যন্ত ২৩ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ১০৮৬৮। স্মৃতির রেকর্ড গড়ার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে মিতালি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তুমি আমার রেকর্ড ছাড়িয়ে গেছ। এটা দেখে আমি সত্যিই গর্বিত।’
২০১৩ সালে ভারতের হয়ে অভিষেকের পর স্মৃতি ২০২২ পর্যন্ত মিতালির সতীর্থ ছিলেন। ৯ বছর একসঙ্গে খেলায় স্মৃতির ক্যারিয়ারের শুরুটা খুব কাছ থেকে দেখেছেন মিতালি। সামাজিকমাধ্যমে স্মৃতিকে শুভকামনা জানিয়ে মিতালি পোস্ট দিয়ে লিখেছেন, ‘সত্যিই এটা তোমার প্রাপ্য স্মৃতি মান্ধানা। ছোট বয়স থেকে ভারতের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হয়েছ তুমি। তোমার গড়ে ওঠা নিজের চোখে দেখেছি। আরও অনেক রান করে নিত্যনতুন মাইলফলক অর্জন করো। এগিয়ে চলো।’
হংকং গতকাল দুবাইয়ে এক স্মৃতির কাছেই হেরে গেছে। ভারতের ১৯৩ রানের মধ্যে ১২৪ রানই করেছেন বাঁহাতি এই ওপেনার। পুরো হংকং মিলে করেছে ৫৬ রান। ১৩৭ রানে জিতে ভারতও দুই ম্যাচে পূর্ণ চার পয়েন্ট নিয়ে উঠে গেল সেমিফাইনালে। বিধ্বংসী সেঞ্চুরিতে স্মৃতিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
সেঞ্চুরিটি কি কাউকে উৎসর্গ করবেন—পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্ন শুনে কিছুটা হলেও হতচকিত হয়েছেন স্মৃতি। রেকর্ড গড়া সেঞ্চুরিটি পরিবারকে উৎসর্গ করবেন বলে জানিয়েছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘সত্যি বলতে, আমার মনে নির্দিষ্ট করে কারও কথা ছিল না। তবে অবশ্যই, মানে, এখানে-সেখানে অনেক কিছুই ঘটেছে। আমি এই শতরানটি আমার পরিবারের জন্য উৎসর্গ করতে চাই।’
২০১৩ থেকে এখন পর্যন্ত ৯ টেস্টে করেছেন ৭৮৮ রান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ৫৪১১ ও ৪৬৮১ রান। ১২০ ওয়ানডেতে ১৪ বার ছুঁয়েছেন তিন অঙ্ক। হংকংয়ের বিপক্ষে গতকাল তাঁর ১২৪ রানের ইনিংসটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৮ সেঞ্চুরির রেকর্ডটিও এখন তাঁর। এই তালিকায় যৌথভাবে দুইয়ে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। ল্যানিং, ভলভার্ট দুজনেই তিন সংস্করণ মিলিয়ে ১৭টি করে সেঞ্চুরি করেছেন।