বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা গেছে, বর্তমান অধিনায়ক শান মাসুদকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করছে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পরই পিসিবিতে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের হারে সিরিজ শেষ করে সফরকারী দল। এরপরই মাসুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।
সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, মাসুদকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন অধিনায়ক কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে পাকিস্তানের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। ম্যাচ দুটি হওয়ার কথা কুইন্স পার্ক ওভাল ও ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন মাসুদ। নেতৃত্বের শুরুটা ভালো হয়নি তাঁর। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। সব মিলিয়ে এখন পর্যন্ত মাসুদের নেতৃত্বে ১৬ টেস্ট খেলে মাত্র চারটিতে জিতেছে পাকিস্তান। বাকি ১২ ম্যাচেই হারতে হয়েছে দলটিকে। অধিনায়ক হিসেবে মাসুদের জয়ের হার মাত্র ২৫ শতাংশ।
এদিকে সিলেট টেস্টের পঞ্চম দিন লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত হারের বৃত্ত থেকে বের হতে পারেনি পাকিস্তান। ৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫৮ রানে অলআউট হয় অতিথিরা। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ১৬৬ বলের ইনিংসে ছিল ১০টি চার। এ ছাড়া সাজিদ খান ৩৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ৬ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। নাহিদ রানা তুলে নেন দুই উইকেট। এ ছাড়া শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।