হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন নাঈম হাসান। ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। ছবি: এএফপি

তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, লিটন দাস—প্রথম সারির এই তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শুধু তা-ই নয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্তরা দু্ই অঙ্ক পেরোলেও ফিফটি আসেনি তাঁদের ব্যাটে। আর স্বীকৃত ব্যাটাররা যা করতে পারেননি, সেটাই করে দেখালেন নাঈম হাসান। তাঁর প্রথম টেস্ট ফিফটিতে লড়াই করার মতো পুঁজি পেল বাংলাদেশ।

মিরপুরে রস্টন চেজ, জোমেল ওয়ারিকানদের স্পিন যেভাবে কার্যকরী হয়ে উঠেছে, তাতে করে ব্যাটিং করাই কঠিন হয়ে গেছে। টার্ন তো রয়েছেই। বল অনেক সময় নিচু হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে টেলএন্ডার ব্যাটার নাঈমের ৫২ রান কতটা মূল্যবান, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান করে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরুর পঞ্চম বলে জোমেল ওয়ারিকানকে চার মারেন জাকের আলী অনিক। যেখানে মুমিনুল হক ছিটকে যাওয়ায় কনকাশন বদলি হিসেবে সুযোগ পান জাকের। তবে চার মারার পরের বলেই স্লিপে রস্টন চেজের হাতে ক্যাচ দেন জাকের।

৩৪ বলে ২ চারে ২২ রান করা জাকেরের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে জাকের-নাঈমের ৫০ বলে ৩১ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ এরপর ক্যাচ মিসের মহড়া শুরু করে। চতুর্থ দিনে উইন্ডিজ যে তিন ক্যাচ মিস করেছে, তার মধ্যে তিনটিই ওয়ারিকানের বলে। যার মধ্যে একটিতে হাসান মাহমুদের কট এন্ড বোল্ড সুযোগ হাতছাড়া করেন ওয়ারিকান। ৩১.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার যখন ক্যাচ ড্রপ করেন, তখন হাসানের রান ১। বাংলাদেশ ৮৬ রানে হারাতে পারত অষ্টম উইকেট।

ওয়ারিকানের বলে এরপর যে দুই ক্যাচ মিস হয়েছে, দুইবারই জীবন পেয়েছেন নাঈম। যার মধ্যে ৩৪তম ওভারের প্রথম বলে প্রথম স্লিপে চেজ ক্যাচ মিস করে সেটাকে চার বানিয়ে দেন। তখন নাঈমের রান ২১। আরেক দফা যখন জীবন পান, তখন তাঁর রান ২৯। ৩৬তম ওভারের শেষ বলে এবারও ওয়ারিকানের বলে এবার সেই প্রথম স্লিপেই চেজ ক্যাচ মিস করেছেন।

নাঈম এক প্রান্তে জীবন পেয়ে সুযোগ কাজে লাগাতে থাকেন। অন্যপ্রান্তে তাঁকে হাসান মাহমুদ, তাইজুল ইসলাম সঙ্গ দিতে থাকেন। হাসান, তাইজুল দুই জনই ৮ রান করে আউট হয়েছেন। দুই টেলএন্ডার ব্যাটারই এলবিডব্লুর শিকার হয়েছেন। যার মধ্যে ওয়ারিকানের আর্ম বলে এলবিডব্লু হওয়ার পর হাসান রিভিউ নষ্ট করেছেন। আগের দুই ব্যাটার শান্ত, লিটন রিভিউ নষ্ট করায় বাংলাদেশের তিন রিভিউ শেষ হয়ে যায়। তাঁরাও এলবিডব্লু হয়েছেন। আর তাইজুলকে এলবিডব্লু করেন চেজ।

হাসান, তাইজুল দ্রুত ফেরায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪৫ ওভারে ৯ উইকেটে ১২৭ রান। নাঈম একপ্রান্তে স্বীকৃত ব্যাটারের মতো খেলতে থাকেন। বাজে বল পেলে সুইপে বাউন্ডারিতে পরিণত করেছেন। প্রথম টেস্ট ফিফটির পর মাত্র ২ রান যোগ করতে পেরেছেন। ৪৯তম ওভারের চতুর্থ বলে চেজকে তুলে মারতে গিয়ে লং অনে জশুয়া বিশপের হাতে ক্যাচ দেন নাঈম।

৯১ বলে ৪ চারে ৫২ রান করে নাঈম ফেরায় বাংলাদেশ ৪৮.৪ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায়। ২৭ রানের লিডসহ স্বাগতিকদের স্কোর ১৬৯ রান। নাঈমই বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার। চেজ ৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ১৭০ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রানে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান মিরাজের করা ওভারে তিনবার এলবিডব্লুর আবেদন হলেও আম্পায়ার সাড়া দেননি। যার মধ্যে একবার শান্ত রিভিউ নিলেও সেটা অক্ষত রয়েছে।

বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও

হৃদয়-লিটনদের ব্যাটিং শেখালেন নাঈম

ফের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া

এবার নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী ভারত

বাজে ব্যাটিংয়েই দিন শেষ করল বাংলাদেশ

ছিটকে গেলেন মুমিনুল, এবার খেলবেন কে

টেস্টের জন্য কতটা প্রস্তুত হৃদয়

বাংলাদেশের বিপর্যয়ের পর মিরপুরে বৃষ্টি

দ্রুত শেষ ওয়েস্ট ইন্ডিজ, কত রানের লিড পেল বাংলাদেশ

লাঞ্চ বিরতিকে কাজে লাগাল ওয়েস্ট ইন্ডিজ