হোম > খেলা > ক্রিকেট

আইসিসি-আফগানিস্তান কী এমন তথ্য জানে, যেটা রশিদ খান জানেন না

ক্রীড়া ডেস্ক    

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। ছবি: এএফপি

ছেলেদের ক্রিকেটে আফগানিস্তান উড়ছে তরতর করে। এশিয়া কাপ হোক কিংবা আইসিসি ইভেন্ট—আফগানিস্তান হয়ে উঠেছে সমীহ জাগানিয়া এক দল। মোহাম্মদ নবি-রশিদ খানরা প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন। তবে মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচই খেলতে পারেনি।

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর নারী ক্রিকেট নিষিদ্ধ আফগানিস্তানে। বেশ কিছু প্রদর্শনী ম্যাচ খেলেছেন বিভিন্ন দেশে থাকা আফগান নারী শরণার্থীরা। শিগগিরই কি আফগানিস্তান নারী ক্রিকেট দলকে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে—ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘এই বিষয়টি মূলত ক্রিকেট বোর্ড ও আইসিসির সঙ্গে সম্পর্কিত। কারণ, তারা এটার দায়িত্ব নিয়েছে। আমি নিশ্চিত, আফগানিস্তান ও নারী ক্রিকেটের উন্নতির জন্য তারা সঠিক সিদ্ধান্তই নিচ্ছে।’

আফগানিস্তান নারী ক্রিকেটের উন্নয়নে আইসিসি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। রশিদের মতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও আইসিসি বিষয়টি দেখাশোনা করছে। এনডিটিভিকে আফগান লেগস্পিনার বলেন, ‘আমি আগেও এটা বলেছি—আফগানিস্তানের হয়ে যেকোনো পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করেন, আমরা তাদের সবাইকে ভালোবাসি ও সমর্থন করি। এই মুহূর্তে দেশের জন্য এটাই প্রয়োজন—আফগানিস্তানের একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। এটা (আফগান নারী ক্রিকেটারদের খেলা) প্রশাসনিক বিষয়। বোর্ড এবং আইসিসি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। ক্রিকেটার হিসেবে আমি বেশি কিছু জানি না।’

বিশ্বমঞ্চে যাঁরা আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন, রশিদের কাছে তাঁরাই সেরা। তাঁরা ভালো কিছু করলে সেটা দেখতে তাঁর অনেক ভালো লাগে। এনডিটিভিকে আফগান লেগস্পিনার বলেন, ‘আমাদের মতো খেলোয়াড়দের জন্য, যারা দেশের প্রতিনিধিত্ব করছি, আমরা শুধু তখনই খুশি হই যখন কেউ উচ্চ পর্যায়ে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে এবং আমাদের দেশের একটি সুন্দর ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে। আশা করি, তারা (এসিবি-আইসিসি) সব সমস্যার সমাধান করছে।’

দিল্লিতে চলছে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর দুই টি-টোয়েন্টিতেই ভারত জিতেছে ৭ উইকেটে। আগামীকাল আফগানিস্তান নামবে ধবলধোলাই এড়াতে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত-আফগানিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।